কাজ করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে টলিউড। প্রশ্ন উঠেছে অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে। অবিলম্বে এসওপি তৈরির দাবিতে ৭ এপ্রিল চ্যানেল এবং প্রযোজকদের সঙ্গে বৈঠক ডেকেছে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম। তাতে সম্মতি আছে ইম্পার। এদিন বৈঠক শুরুর আগে কী জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস? 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন স্বরূপ বিশ্বাস বলেন, "ফেডারেশন দীর্ঘ দিন ধরেই কাজের ক্ষেত্রে সেফটি সিকিওরিটি প্রোটোকল তৈরি করার প্রচেষ্টা করে আসছিল। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেই সাফল্য পাইনি। সেক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আজ আমরা সত্যিই আনন্দিত যে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথ ভাবে এই উদ্যোগ বহন করেছে। প্রযোজক এবং চ্যানেলদের আবেদন করেছি এখানে আসার জন্য। আমাদের কলাকুশলীরা যদি কোনও দুর্ঘটনার কবলে পড়ে তাদের যেন সুরক্ষা ব্যবস্থা অবশ্যই দেওয়া হয়। শিল্পীদের ক্ষেত্রেও যেন সমভাবে সেই জিনিসটি দেওয়া হয়। সেই কারণেই এখানে আজ এসেছি, এবং এই কর্মবিরতি। কাজের সময় নিরাপত্তা না পেলে আমাদের পক্ষেও কাজ করা সম্ভব হচ্ছে না। এটা প্রযোজক, চ্যানেল সবাইকে বুঝতে হবে। ইম্পার এতে মত আছে। চিঠি মারফত সভাপতি পিয়া সেনগুপ্ত সম্মতি জানিয়েছেন। আমাদের অনুমান কলাকুশলী এবং শিল্পীদের ক্ষেত্রে চ্যানেল, প্রযোজকরাও এগিয়ে আসবেন।" 

তিনি এদিন আরও বলেন, "এতদিন লিখিত এসওপি ছিল না। কিন্তু এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞ, কলাকুশলী এবং শিল্পীদের জন্য আমরা এটি চাই।" স্বরূপ বিশ্বাসের সংযোজন, "এর আগে আমাদের একজন টেকনিশিয়ান শর্টসার্কিটে মারা গিয়েছে। একজন পড়ে গিয়ে ফিমার হাড় ভেঙেছিল। সে সারা জীবনের জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলেছিল। আমরা কাজ বন্ধ করতে চাই না। একদিন কাজ বন্ধ থাকা মানে, আমাদের রুটিরুজি বন্ধ হওয়া। কিন্তু এবার দায়ভার নিতে হবে। কে নেবেন, এটা বল পাসিং গেম নয়। সমষ্টিগত ভাবে কলাকুশলী এবং শিল্পীদের দায়িত্ব নিতে হবে। কাজ করতে করতে যদি কেউ চলে যান, তাহলে সারা জীবনের জন্য কিন্তু তাঁর পরিবার পথে বসে। সেটা হতে দিতে পারি না আমরা। আমরা একটা প্রফরমা তৈরি করেছি। আমরা এক জায়গায় বসব।"

প্রসঙ্গত, ২৯ মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এদিন জলে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। তবে তাঁকে কোনও মতে বাঁচানো গিয়েছে কলাকুশলীদের তৎপরতায়। এরপরই আউটডোর শুটিংয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণেই এদিন টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশন, ইম্পা বৈঠক ডেকেছে। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকদের সঙ্গে বসে নিরাপত্তা সংক্রান্ত বিষয় ঠিক করা হবে। যদি এই বৈঠকে সেই জট না কাটে তবে কর্মবিরতি বহাল থাকবে।