৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে টলিউডের কলাকুশলী, অভিনেতাদের একাধিক সংগঠন। তার আগে এদিন মিটিং চলবে টেকনিশিয়ান স্টুডিওতে। সেই মিটিংয়ে হাজির থাকতে পারছেন না রোহন ভট্টাচার্য। বর্তমানে তিনি হাসাপাতালে ভর্তি। সেখান থেকেই কী বার্তা দিলেন?
এদিন সমাজমাধ্যমে 'হোক কলরব' খ্যাত অভিনেতা একটি ভিডিও পোস্ট করে লেখেন জাস্টিস ফর রাহুল দা। সেই ভিডিওতে তাঁকে হাসপাতালের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেতা নিজেই জানান তিনি একটি ছোট দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তাই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে আজকাল ডট ইন খোঁজ নিল।
রোহন বলেন, "জানোই তো আমি পথ কুকুরদের একটু আধটু সাহায্য করি, ওদের চিকিৎসা করি। ওরমই একটি কাজে গিয়েছিলাম। অনেকগুলো কুকুর ছিল ওখানে, তখনই একটু মারামারি হয়ে গিয়েছে। এখন ভাল আছি। আজই ছেড়ে দেবে।"
ভিডিওতে রোহন জানান ২০১২ সালে তিনি শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। দার্জিলিং মেল তাঁকে ধাক্কা মারে। সেই শুটিংয়ের কোনও অনুমতি ছিল না বলেই জানান অভিনেতা ভিডিওতে। এই দুর্ঘটনার স্মৃতি ছাড়াও তার ক্ষত আজও তাঁর হাতে রয়ে গিয়েছে।
শুটিং সেটে নিরাপত্তার প্রসঙ্গ ফোনালাপে ওঠায়, আজকাল ডট ইনকে রোহন ভট্টাচার্য বলেন, "সিনেমার শুটিংয়ের বিষয়টা ভিডিওতেই বললাম। অনুমতি ছাড়াই শুটিং চলছিল। ট্রেনে ধাক্কা মেরেছিল।" তাঁর আরও সংযোজন, "আমাদের প্রথম থেকেই পরিচালকরা, যাঁদের সঙ্গে ছোটবেলায় কাজ করতে গিয়েছি তাঁরা বলেছেন অমুক হিরো আজ সুপারস্টার হয়েছে কারণ দোতলা থেকে ঝাঁপ মেরে দিয়েছে, হারনেস ছিল না। কী ডেডিকেশন। আমাদের খুব বড় করে অতিরঞ্জিত করে বলা হয়েছে এগুলো সবসময়। আমরাও ভাবতাম, আমরাও করব। জিৎ দা করেছে, দেব দা করেছে, আমরাও করব। মাথায় কাচের বোতল ভেঙেছে, দোতলা থেকে ঝাঁপ মেরেছে, আমরাও করব। কিন্তু এগুলো ঠিক না। আগে তো প্রাণ।"
প্রসঙ্গত, ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এদিন জলে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্রও। তবে তাঁকে কোনও মতে বাঁচানো গিয়েছে কলাকুশলীদের তৎপরতায়। এরপরই আউটডোর শুটিংয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণেই এদিন টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশন, ইম্পা বৈঠক ডেকেছে। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকদের সঙ্গে বসে নিরাপত্তা সংক্রান্ত বিষয় ঠিক করা হবে। যদি এই বৈঠকে সেই জট না কাটে তবে কর্মবিরতি বহাল থাকবে।
















