নিজস্ব সংবাদদাতা: পরিচালক ইন্দ্রাশীষ আচার্য নিয়ে আসছেন তাঁর পঞ্চম ছবি। শনিবার সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার শেয়ার করে পরিচালক। ছবির নাম 'গুডবাই মাউন্টেন'।

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "ছবিটি ২০২৩ সালে শুটিং শেষ হয়েছিল। আদ্যপান্ত প্রেমের ছবি এটা। আমার লেখা, আমার পরিচালনায় প্রথম প্রেমের ছবি। সম্পূর্ণ শুটিং কেরালার একটা শহরে হয়েছে। এর আগে কোনো বাংলা ছবির পুরো শুটিং কেরালায় হয়েছে বলে আমার মনে হয়না।"
পরিচালকের কথায়, চারজন মানুষের জীবনে প্রেম আসে আলাদা আঙ্গিকে। তাদের প্রত্যেকের সঙ্গে অন্যরকমভাবে জুড়ে থাকে পাহাড়। চার জন মানুষ কীভাবে তাদের সম্পর্কের জটিলতার মধ্যে দিয়ে প্রেম খুঁজে পায়, এই নিয়েই গল্প।
পরিচালক জানান, "ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে তারপর বড় পর্দার জন্য মুক্তি পাবে এটি। আশা করি দর্শকদের ভাল লাগবে।"

'গুডবাই মাউন্টেন'-এ দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা সেনগুপ্ত-সহ অন্যান্যদের। 'গাজনের ধুলোবালি'র পর আবার একসঙ্গে কাজ করছেন ইন্দ্রাশীষ আর ঋতুপর্ণা।