আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
বিজয়কে বিশেষ উপহার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে ফের চর্চা তুঙ্গে। ‘GOAT’ ছবির পরিচালক ভেঙ্কট প্রভু সম্প্রতি তাঁকে উপহার দিলেন ছবিতে ব্যবহৃত সেই ভাইরাল নম্বর প্লেট— ‘TN07 CM 2026’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘The Greatest Of All Time (GOAT)’ ছবিতে বিজয়ের গাড়িতে এই নম্বর প্লেট দেখা গিয়েছিল। তখনই অনেকে মনে করেছিলেন, এটি নাকি ভবিষ্যতের রাজনৈতিক ইঙ্গিত! এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই নম্বর প্লেট হাতে তুলে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। পরিচালক এক্স-এ ছবি শেয়ার করে লেখেন, "ইতিহাস রচনা হল, এটা সবে শুরু"। ‘TN07 CM 2026’ এখন শুধুই নম্বর প্লেট নয়, বিজয়ের রাজনৈতিক যাত্রার এক প্রতীক বলেই মনে করছেন অনেকে।
আমির সলমনকে পথপ্রদর্শক বললেন রাম চরণ
নতুন ছবি 'পেড্ডি' (Peddi) নিয়ে এবার মন্তব্য করলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। ছবির ট্রেলার লঞ্চে এসে অভিনেতা জানান, আমির খান আর সলমন খানই এমন স্পোর্টস ড্রামা তৈরির পথ প্রশস্ত করে দিয়েছেন। বিশেষ করে দঙ্গল এবং 'সুলতান'-এর মতো ছবির প্রসঙ্গ টেনে রাম চরণ বলেন, এই ধরনের চরিত্রে অভিনয়ের সাহস ও অনুপ্রেরণা তিনি তাঁদের থেকেই পেয়েছেন।
‘Peddi’-তে এক গ্রাম্য কুস্তিগিরের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এই চরিত্রের জন্য তাঁকে কঠোর শারীরিক পরিশ্রমও করতে হয়েছে। এমনকি শুটিং চলাকালীন চোটও পান অভিনেতা। তবুও ছবিটিকে নিজের কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ বলেই উল্লেখ করেছেন তিনি। বুচি বাবু সানা
পরিচালিত এই ছবিতে রাম চরণ এর সঙ্গে রয়েছেন জাহ্নবী কাপুর। আগামী ৪ জুন, ২০২৬-এ মুক্তি পাবে ছবিটি৷
মুক্তির পথে 'জনা নয়াগান'
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়- এর ছবি 'জনা নয়াগান'। সূত্রের খবর, এই সপ্তাহান্তেই ছবির সেন্সর সার্টিফিকেট মিলতে পারে। এই ছবিকে ঘিরে গত কয়েক মাস ধরে চলছিল নানা আইনি জটিলতা ও সেন্সর বোর্ডের আপত্তি। সেই কারণেই একাধিকবার পিছিয়ে যায় মুক্তির দিন। ছবিটি বিজয়-এর অভিনয় জীবনের শেষ সিনেমা বলেই ধরা হচ্ছে, কারণ এর পর তিনি পুরোপুরি রাজনীতিতে মন দিতে চান। ফলে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।














