মোড় ঘোরানো পর্ব আসছে স্টার জলসার ধারাবাহিক 'গঙ্গা'য়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, অহনা জোর করে অর্জুনকে একটা মন্দিরে নিয়ে আসে। আর সেখানেই তাকে বিয়ে করার জন্য জোর করে। অর্জুন কিছুতেই রাজি হয় না। জানায় সে বিবাহিত। এর মধ্যেই আসে গঙ্গা। সে এসে অহনাকে বলে, অন্যের বরকে খুব বিয়ে করার সখ না? এই বলেই সে অর্জুনের ভাইয়ের হাত থেকে অহনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।
হঠাৎ করে গঙ্গার এই কাণ্ডে তাজ্জব বনে যায় অহনা। এবার কি হবে? গঙ্গার এই চালে কি বাজিমাত হবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। এই প্রোমো সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। শুরু থেকেই 'গঙ্গা' টিআরপিতেও দারুণ ফল করে। গল্পের এই নতুন মোড় দর্শক মহলে কতটা প্রভাব ফেলবে এবার, সেটাই দেখার।
কিছুদিন আগেই বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছিল গঙ্গা। অর্জুন তাকে সাঁতারু হওয়ার জন্য উৎসাহিত করে। কিন্তু তার মনোবল ভেঙে দিতে চায় অহনা। সে গঙ্গাকে বলে, নদী থেকে পয়সা কুড়িয়ে আনলেই বড় সাঁতারু হওয়া যায় না। কোনও সুইমিং ক্লাব নাকি গঙ্গার মতো অশিক্ষিত কাউকে শেখানোর দায়িত্ব নেবে না। অহনার এই কথা মন ভেঙে যায় গঙ্গার। কিন্তু তাকে সাহস যোগায় অর্জুন। সে জানায়, গঙ্গাকে নিজেই সাঁতার শেখাবে।
অর্জুনের কথা মতো গঙ্গা সুইমিং ক্লাবে যায়। সাঁতারের স্ট্রোক নিজেই গঙ্গাকে শেখায় অর্জুন। আর তারপর গঙ্গা জানায়, সে অর্জুনের মান রাখবে, বড় সাঁতারু হবে। গঙ্গার প্রতিজ্ঞায় পাশে তাকে মনে জোর দেয় অর্জুন। গঙ্গাকে সাঁতার শিখিয়ে তাকে নিজের পায়ে দাঁড় করানোর প্রতিজ্ঞা নেয় অর্জুন। নায়ক-নায়িকার এই রসায়ন বেশ মনে ধরেছে অনুরাগীদের।














