টলিপাড়ার পরিচিত মুখ সৃজা দত্ত। দেবের বিপরীতে 'বাঘা যতীন' ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর সৃজাকে দেখা গিয়েছিল 'টেক্কা' ছবিতে। হইচই-এর সিরিজ 'নিশির ডাক'-এও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৃজা। দর্শক মহলে প্রশংসিত হয়েছিল সৃজার অভিনয়। এবার তাঁকে দেখা যেতে চলেছে ওপার বাংলার ওয়েব ফিল্মে।
ওয়াহিদ আনামের পরিচালনায় আসছে 'তাজমহল'। মুখ্য চরিত্রে ফয়জুল ইয়ামিনের সঙ্গে দেখা যাবে সৃজাকে। দুই বাংলার মিশেলে আসছে এই ছবি। সৃজা সমাজমাধ্যমে ছবির প্রথম পোস্টার ভাগ করেছেন। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, 'কাঁটাতারের বেড়াজাল কি পারবে ভালবাসাকে আটকে রাখতে?'
দুই বাংলার অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে আসছে এই ছবি। গল্পেও এপার বাংলা-ওপার বাংলার ছবি ফুটে উঠেছে। আগামী ঈদেই বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'তাজমহল'। ফয়জুল ইয়ামিনের সঙ্গে সৃজার জুটি কতটা মনে ধরে দর্শকের এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, পরিচালক ওয়াহিদ আনাম দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে আবারও পরিচালনার আসনে ফিরছেন। তবে এবার তিনি ছোটপর্দার নাটকের পরিবর্তে নাম লিখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ওয়াহিদ আনাম তাঁর কাজে সবসময়ই সমাজ ও জীবনের বাস্তবধর্মী চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষ করে গ্রাম ও মফস্বল অঞ্চলের মানুষের স্বপ্ন, নারীর জীবনসংগ্রাম এবং সামাজিক প্রতারণার গল্পগুলো তাঁর নির্দেশনায় ভিন্ন মাত্রা পেত। তাঁর নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ এবং ‘চক্র’-এর মতো টেলিফিল্মগুলো একসময় দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৫ সালে প্রচারিত মানব পাচারের প্রেক্ষাপটে তৈরি ‘চক্র’ ছিল তাঁর পরিচালিত শেষ কাজ। এবার এত বছর পর আবার নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি।














