বলিউডে বড় ছবি মানেই চমকপ্রদ অ্যাকশন, বিশাল সেট, আর তারকাখচিত কাস্ট। কিন্তু অনেক সময়ই একটি দৃশ্য শুধুমাত্র তার আবেগের জোরে—পুরো ছবির স্মৃতিতে স্থায়ী হয়ে যায়। ঠিক তেমনই এক মুহূর্ত তৈরি করেছিল ধুরন্ধর' রেহমান ডাকাতের মৃত্যু দৃশ্যর সুবাদে। অক্ষয় খান্না অভিনীত এই চরিত্রটি ছবির গতি যেমন বদলেছিল, তেমনই দর্শকের আবেগেও তৈরি করেছিল গভীর ছাপ। এখন, সিক্যুয়েল ধুরন্ধর ২ মুক্তির আগে সেই দৃশ্য নিয়েই ফের চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি ছবির সঙ্গে যুক্ত অভিনেতারা শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, যেখানে উঠে এসেছে দৃশ্যটির প্রস্তুতি এবং পরিচালকের ভাবনার দিকটি। অভিনেতা রজত অরোরা জানান, দৃশ্যটি ধারণ করার আগে পরিচালক আদিত্য ধর অভিনয়শিল্পীদের একটি নির্দিষ্ট আবেগের জায়গা থেকে অভিনয় করার নির্দেশ দেন। চরিত্রটির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে, সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেওয়া হয়েছিল। তাঁর কথায়, দৃশ্যটিকে কৃত্রিমভাবে উপস্থাপন না করে বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা ছিল মূল লক্ষ্য।
এই প্রসঙ্গে অভিনেতা বিক্রম ভামব্রি বলেন, দৃশ্যটির জন্য আলাদা করে আবেগ নিয়ন্ত্রণ করা ছিল গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নাটকীয়তা এড়িয়ে সংযতভাবে অভিনয় করার নির্দেশ ছিল। তাঁর মতে, দৃশ্যটির শক্তি ছিল এই সংযমের মধ্যেই, যা পর্দায় স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করেছে।
অভিনেতাদের কথায় আরও জানা যায়, শুটিংয়ের সময় কোনও কৃত্রিম উপকরণ, যেমন গ্লিসারিন ব্যবহার করা হয়নি। বরং প্রত্যেকেই নিজের মতো করে চরিত্রের পরিস্থিতির সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করেছেন। ফলে দৃশ্যটির আবেগ অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।
সহ-অভিনেতা দানিশ পাণ্ডর-এর কাজের প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। শুটিং শেষ হওয়ার পরও কিছু সময় তিনি চরিত্রের আবেগের মধ্যে থাকতেন, যা অন্যদের উপরও প্রভাব ফেলেছিল বলে জানান রজত।
ধুরন্ধর ২ ইতিমধ্যেই দেশের চলচ্চিত্র ইতিহাসে রেকর্ড তৈরি করেছে। এই পরিস্থিতিতে সিরিজের প্রথম ছবির উল্লেখযোগ্য দৃশ্যগুলির ছোট্ট ছোট্ট আলোচনা স্বাভাবিকভাবেই দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলছে।
