তিনটে জীবন জড়িয়ে 'অভিমান' -এর বাঁধনে। কিন্তু কার সঙ্গে কার কীসের সম্পর্ক, একসময় খ্যাতির চূড়ায় থেকে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার পর তারকাদের জীবন কেমন হয় ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবিটির ট্রেলার যেন সেটারই আভাস দিল। 

আকাশ চ্যাটার্জির সবথেকে বড় অনুরাগী সে। একই সঙ্গে তার খেয়াল রাখে। ছায়া হয়ে থাকে। স্মৃতি ফেরানোর চেষ্টা করে। অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্রটি। আর আকাশ চ্যাটার্জি হলেন অতীতের অন্যতম বড় বাংলার রকস্টার। তাঁর গানের জাদুতে মুগ্ধ ছিল শত শত মানুষ। শোয়ে উপচে পড়ত ভিড়। অটোগ্রাফ, এক ঝলক দেখা পাওয়ার জন্য পড়ে যেত হুড়োহুড়ি। কিন্তু বর্তমানে সে লোকচক্ষুর আড়ালে, নিভৃতে, সাদামাটা ভাবে থাকে। এমনকী চিনতে পারে না নিজের ছেলেকেও। আসলে আদর অর্থাৎ আকাশ চ্যাটার্জির ছেলে যখন ছোট তখনই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তারপর দু'জনের জীবন কী ঘটেছে সেটা স্পষ্ট। আদরের চরিত্রে থাকবেন যিশু সেনগুপ্ত। আর এমন সময়ই শুভশ্রীর চরিত্রের সঙ্গে আলাপ হয় তার। আলাপ নিবিড় এবং গভীর হয়। কিন্তু বাবা আর ছেলে, কার সঙ্গে ঠিক কী সম্পর্ক নায়িকার? কোন মান, অভিমানের বাঁধনে জড়িয়ে তারা? সবটা মিলিয়েই এই ছবির ট্রেলার যেমন একদিকে আগ্রহ বাড়াল, তেমনই উত্তেজনা ও উন্মাদনার পারদ।

১৩ জুন মুক্তি পেল 'অভিমান' ছবির ট্রেলার। ইন্দ্রদীপ দাশগুপ্ত ছবিটির পরিচালনা করেছেন। চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি, অরিজিতা মুখার্জি, প্রমুখকে। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'। এদিন ছবি মিউজিক এবং ট্রেলার লঞ্চের ইভেন্টে হরনাথ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, প্রমুখও উপস্থিত ছিলেন ছবির কলাকুশীরা ছাড়াও।