'বাটোয়ারা ১৯৪৭' (Batwara 1947) ঘিরে উত্তেজনা তুঙ্গে। বলিউডের ইতিহাসে এমন কিছু বক্স অফিস লড়াই রয়েছে, যা আজও সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে। ২০০১ সালের ১৫ জুন একই দিনে মুক্তি পেয়েছিল 'লগান'(Lagaan) এবং 'গদর এক প্রেম কথা' (Gadar: Ek Prem Katha) একদিকে ছিলেন আমির খান অন্যদিকে সানি দেওল৷ 

 দুই তারকার ছবি দুটি ছিল সম্পূর্ণ ভিন্ন মেজাজের, কিন্তু দর্শকের ভালোবাসায় দুটিই জায়গা করে নেয় ইতিহাসে। ২৫ বছর পর সেই দুই সুপারস্টার এবার একসঙ্গে আসছেন বড় পর্দায়। তাঁদের নতুন ছবি Batwara 1947 নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। ছবিটি ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে তৈরি, যেখানে ইতিহাসের কঠিন বাস্তবতা এবং  মানুষের আবেগ একসঙ্গে তুলে ধরা হবে৷ 


২০০১ সালে ‘লগান’-এ আমির খান অভিনয় করেছিলেন এক গ্রামের যুবকের ভূমিকায়, যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের চ্যালেঞ্জ নেয়। অন্যদিকে ‘গদর’-এ সানি দেওল ছিলেন এমন এক চরিত্রে, যে দেশভাগের অস্থিরতার মধ্যে ভালবাসার মানুষকে ফিরে পাওয়ার লড়াই করে। দুটি ছবির গল্প আলাদা হলেও দর্শকের মনে সমানভাবে জায়গা করে নেয়।

মজার বিষয় এর আগেও ১৯৯০ সালে 'দিল' এবং 'ঘায়েল' একই সময়ে মুক্তি পেয়েছিল। পরে আবারও তাঁদের ছবি নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছিল। কিন্তু প্রতিবারই দুই অভিনেতার ছবিই দর্শকের ভালবাসা পেয়েছে।

‘গদর’ বক্স অফিসে বিশাল সাফল্য পায় এবং সানি দেওলের কেরিয়ারে এই ছবি অন্যতম বড় মাইলস্টোন। অন্যদিকে ‘লগান’ শুধু ব্যবসা নয়, আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পায় এবং অস্কারের জন্য মনোনীত হয়।
এবার ‘Batwara 1947’-এ তাঁদের এই নতুন জুটি কতটা চমক দেখায়, সেটাই দেখার। ছবির সঙ্গে যুক্ত রয়েছেন পরিচালক রাজকুমার সন্তোষী৷  এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি।