বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর থেকেই তৃণমূল দল ছাড়ার হিড়িক৷ এবার তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সরে গেলেন সায়নী ঘোষ।  তাঁর জায়গায় তৃণমূল যুব সভাপতির দায়িত্ব দিল অর্ণব ব্যানার্জিকে। 

টলিউডের এই অভিনেতা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর একাধিক বার তৃণমূলের পক্ষে সরব হয়েছিলেন।  তিনি একা নন, তাঁর স্ত্রী ময়না ব্যানার্জিও সমাজমাধ্যমে তৃণমূলের সমর্থন এবং বিজেপির কড়া সমালোচনা করেছেন৷ 

সায়নী ঘোষ এর জায়গায় আরও এক অভিনেতাকে যুব সভাপতির পদ দেওয়ায় চলছে আলোচনা৷ আবারও কেন টলিউডের সঙ্গে যুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হল সেই নিয়ে সমাজমাধ্যমে একাংশ প্রশ্ন তুলেছেন। 

তৃণমূলকে সমর্থন করা আর যুব সভাপতির দায়িত্ব পালন করা এক নয়৷ এই নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন৷ অর্ণব ব্যানার্জির তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তৃণমূল দলের অন্দরে বড়সড় ভাঙন। একা সায়নী ঘোষ নন, প্রবীণ নেতা মানস ভুঁইয়াও দলত্যাগ করেছেন৷ তাঁর পক্ষে দলে থাকা সম্ভব হচ্ছে না জানিয়েছেন। অন্যদিকে  সুদীপ ব্যানার্জিকে নিয়ে টানাপড়েন শুরু হতেই উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হল কুণাল ঘোষকে৷ 

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্যামেজ কন্ট্রোল করছেন, দলের ব্যাপক রদবদল দেখে তা বলাই যায়৷