ভারতীয় সিনেমার ইতিহাসে এমন কিছু ছবি থাকে, যা শুধু একটি সিনেমা নয়, বরং দর্শকের স্মৃতির অংশ হয়ে যায়। তেমনই এক ছবি 'লগান'। মুক্তির প্রায় ২৫ বছর পর আবার এক ছাদের নীচে দেখা গেল ছবির অভিনেতা কলাকুশলীদের। আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর-সহ ‘লগান’-এর পুরনো টিমের পুনর্মিলন হল ২৫ বছর পর৷
‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছবির একাধিক অভিনেতাকে দেখা যায়। উপস্থিত ছিলেন সুহাসিনী মুলে, অখিলেন্দ্র মিশ্র, যশপাল শর্মা, রাজ জুতশি, পল ব্ল্যাকথর্ন, আদিত্য লাখিয়া এবং দয়াশঙ্কর পাণ্ডের মতো পরিচিত মুখেরা। বহু বছর পর একসঙ্গে হয়ে পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেন তাঁরা।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘লগান’ শুধু বক্স অফিসে সাফল্য পায়নি, ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চেও নতুন পরিচয় দিয়েছিল। ছবির গল্প ছিল ১৮৯৩ সালের ব্রিটিশ শাসনাধীন ভারতের পটভূমিকায়। খরায় জর্জরিত চম্পানের গ্রামের মানুষদের ওপর চাপানো কর বা ‘লগান’-এর বিরুদ্ধে লড়াইয়ের গল্পই হয়ে ওঠে এই সিনেমার মূল বিষয়। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তৈরি হওয়া এই কাহিনি হয়ে উঠেছিল সাহস, ঐক্য আর স্বপ্নের প্রতীক।
ছবিটির সঙ্গীতও আজও দর্শকের মনে রয়ে গিয়েছে৷ এ আর রহমান-এর সুরে তৈরি ‘ঘনন ঘনন’, ‘মিতওয়া’, ‘রাধা কইসে না জলে’-র মতো গানগুলো ২৫ বছর পেরিয়েও চিরনতুন৷
এই পুনর্মিলনীতে আমির খানের প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং মেয়ে ইরা খানকেও দেখা যায়। ইরা খান ইনস্টাগ্রামে মা রিনা দত্তর প্রশংসা করেছেন 'লগান' ছবির জন্য। স্ক্রিনে মায়ের নাম ভেসে উঠতেই উচ্ছ্বসিত ইরা৷ ‘লগান’-ছবির সঙ্গে রীনা দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উঠে আসে স্মৃতিকথায়। আমির খানের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ছিলেন ছবিটির এক্সিকিউটিভ প্রযোজক।
২৫ বছর পরও ‘লগান’ যে দর্শকের কাছে একই রকম আবেগের, এই পুনর্মিলনী যেন তারই প্রমাণ। পুরনো সহকর্মীদের সঙ্গে আমির খানের এই মুহূর্ত আবার মনে করিয়ে দিল, ভাল গল্প সময়ের সঙ্গে পুরনো হয় না, বরং আরও মূল্যবান হয়ে ওঠে।















