গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে ডিমের ঝোল যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। তবে আমরা সাধারণত বাড়িতে যে ডিমের ঝোল বানিয়ে থাকি, তার থেকে হাইওয়ে বা রাস্তার ধারের ধাবার এগ কারির স্বাদ একেবারে আলাদা হয়৷
2
11
ধাবা স্টাইল এগ কারির মূল আকর্ষণ এর গ্রেভি বা ঝোল। এর জন্য প্রথমে একটি বিশেষ মশলার পেস্ট তৈরি করে নিতে হবে।
3
11
৪টি টমেটো টুকরো করে কেটে তার মধ্যে ৪-৫টি শুকনো লঙ্কা, ধনেপাতার ডাঁটি, কাঁচা লঙ্কা, ৮-১০ টুকরো আদা, ১৫-২০ কোয়া রসুন এবং এক কাপ (১০০ গ্রাম) টক দই একসঙ্গে মিশিয়ে জল ছাড়াই একটি মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এই মিশ্রণটিই এগ কারির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়।
4
11
ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। এরপর সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন এবং এক চা-চামচ সর্ষের তেল দিয়ে ডিমগুলো ম্যারিনেট করে নিন।
5
11
একটি পাত্রে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা ডিমগুলো সোনালি করে ভেজে তুলে রাখতে হবে।
6
11
ডিম ভাজার তেলেই এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোঁড়ন দিন। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে মাঝারি থেকে বেশি আঁচে ৫-৬ মিনিট কড়া করে ভাজুন, যাতে পেঁয়াজ একদম লালচে রঙের হয়।
7
11
পেঁয়াজ ভাজা যত ভাল হবে, রান্নার স্বাদ তত খুলবে। এরপর এতে এক চা-চামচ হলুদ এবং দেড় চা-চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।
8
11
এবার আগে থেকে তৈরি করে রাখা টমেটো ও দইয়ের পেস্টটি দিয়ে দিন। যেহেতু এতে দই আছে, তাই আঁচ একদম কমিয়ে মশলা ভালভাবে কষাতে থাকুন।
9
11
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ এবং স্বাদমতো নুন যোগ করুন। অল্প কিছুক্ষণ কষানোর পর পরিমাণমতো জল দিয়ে গ্রেভি ফুটতে দিন।
10
11
গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। দুটো সিদ্ধ ডিমের কুসুম গুঁড়ো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে পারেন। এটি গ্রেভিকে শুধু ঘনই করে না, বরং এর স্বাদ এক অনন্য মাত্রায় নিয়ে যায়!
11
11
সবশেষে, হাফ চা-চামচ গরমমশলা, কাসৌরি মেথি পাউডার এবং এক মুঠো তাজা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আপনার ধাবা স্টাইল এগ কারি!