আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সমস্ত শিক্ষক, অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের বাড়িতে ‘স্মার্ট ইলেকট্রিক মিটার’ বসানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সম্প্রতি রাজ্য সরকারের এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ পেতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’।
মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই নির্দেশিকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের মিটার বসানোর জন্য সংগঠনের পক্ষ থেকে বা কর্মীদের তরফ থেকে কোনও আবেদন জানানো হয়নি। তা সত্ত্বেও কেন আচমকা এই নির্দেশ জারি করা হলো, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
কিঙ্করবাবুর দাবি, বর্তমানে ব্যবহৃত সাধারণ মিটারের তুলনায় এই নতুন স্মার্ট মিটারে ঠিক কী কী অতিরিক্ত সুবিধা মিলবে, তা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হোক।
যদি বাস্তবে তেমন কোনও সুবিধাই না থাকে, তবে কেন সাধারণ কর্মীদের ওপর জোর করে এই মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে? এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক স্পষ্ট করে দিয়েছেন, কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনওভাবেই এই স্মার্ট মিটার বসানো জোরপূর্বক কার্যকর করা চলবে না।
















