সংবাদ সংস্থা মুম্বই: মাস কয়েক আগেই মা মিনতি ঠাকুরকে হারিয়েছিলেন গায়িকা মোনালি ঠাকুর। তবে সেই কঠিন সময় পেরিয়ে এসেছেন তিনি। এবার দুর্গাপুজো আসার আগেই সুখবর দিলেন মোনালি ঠাকুর।
মায়ের মৃত্যুর আগের দিনও বাংলাদেশে অনুষ্ঠান করে এসেছিলেন মোনালি, কারণ সেখানে সব ব্যবস্থা হয়ে রয়েছিল বহু আগে থেকেই। মায়ের মৃত্যুর পর বেশ কিছুদিন চুপচাপ, একান্তে ছিলেন এই বলি-গায়িকা। তবে জানিয়েছিলেন, শত দুঃসময়ে গান বন্ধ থাকবে না কখনওই। তাই, এবার নিজের নতুন কাজের ঘোষণা করলেন মোনালি। এই দুর্গাপুজোয় আসছে শিল্পীর পুজোর গান।
বলিউড থেকে টলিউড, সর্বত্র নানান জনপ্রিয় গান গাওয়ার পাশাপাশি স্বাধীনভাবে নিজের মিউজিক ভিডিওর কাজ সমান্তরালে চালিয়ে গিয়েছেন মোনালি। এবং সেগুলো প্রকাশ পাওয়ার পর যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে। এর আগেও দুর্গাপুজোর গান মোনালির গলায় 'দুগ্গা এলো' দারুণ পছন্দ করেছিলেন শ্রোতারা। এবার পুজোর মাত্র কয়েকদিন আগেই মোনালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, চলতি বছর পুজোর আগেই তিনি নিয়ে আসতে চলেছেন নতুন গান 'আমার দুগ্গা'।
গানের প্রথম পোস্টারে দেখা যাচ্ছে স্বয়ং মোনালিকেই। যেখানে মা দুর্গার একটি ছোট্ট মূর্তি হাতে নিয়ে শাড়ি পরে সুন্দর সাজে হাজির হয়েছেন তিনি। এর থেকেই স্পষ্ট এই অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি সম্ভবত এই মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁর অভিনয়ও। এর আগে 'কৃষ্ণকান্তের উইল', লক্ষ্মী' ছবিতে দর্শকেরা দেখেছিলেন মোনালির অভিনয়। তবে তারপর আর তেমন ভাবে তাঁকে অভিনেত্রী হিসেবে পাননি দর্শকেরা। এইবার সম্ভবত নিজের গানের ভিডিওতেই অভিনয় করতে চলেছেন মোনালি। খবর, এই গান হয়তো প্রয়াত মায়ের উদ্দেশ্যেই উৎসর্গ করতে চলেছেন মোনালি। বলাই বাহুল্য, মোনালির পুজোর গান আসার কথা শোনার পর তাঁর অনুরাগীরা এই গান শোনার অপেক্ষায় রয়েছেন।
















