ভোটের আবহে টলিউডে দুঃসংবাদ। স্বামীকে হারালেন জনপ্রিয় নায়িকা। তবে বাস্তবে নয়। যা ঘটেছে পর্দায়। কথা হচ্ছে 'কনে দেখা আলো' ধারাবাহিক নিয়ে। 

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রায় বন্ধ হতে বসেছিল 'কনে দেখা আলো'। জটিলতা কাটিয়ে ধারাবাহিকটির শুটিং ফের শুরু হতেই গল্পে আসছে বড় চমক। স্বামীকে হারাবে লাজু। তারপর...? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কনে দেখা আলো' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে লাজু হোস্টেল থেকে বাড়ি ফিরেছে। সুদেব মারা গিয়েছে। কান্না ভেঙে পড়েছে তার মা। স্বামীকে হারিয়ে ভেঙে না পড়লেও লাজুর চোখে জল। তাকে এই অবস্থাতেও অনবরত কথা শুনতে হয় তার শাশুড়ির। ছেলের মৃত্যুর জন্য তিনি লাজুকেই দায়ী করতে থাকেন। যদিও সেখান উপস্থিত থাকা অনুভব সেটার বিরোধিতা করে। 

লাজুর গা থেকে এঁয়োস্ত্রীর সমস্ত চিহ্ন মুছে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় তার শাখা পলা। মুছিয়ে দেওয়া হয় সিঁদুর। গায়ে সাদা থান তুলে নেয় নায়িকা। এই বেশে বাড়ি ঢুকতে গেলে বাধা দেয় তার শাশুড়ি। বলে এই বাড়ি থাকতে গেলে এবার থেকে তার নিয়ম, কথা মানতে হবে। আর পড়াশোনা করতে পারবে না লাজু। করতে হবে ঘরের সব কাজ। বনলতা লাজুকে সব মেনে নেওয়ার বুদ্ধি দেয়। জীবনের এই অগ্নিপরীক্ষায় এবার কী করবে নায়িকা? সে কি শাশুড়ির কথা মেনে নেবে? নাকি অনুভব এই বিপদে তার পাশে দাঁড়াবে, উদ্ধার করবে? লাজু, অনুভবের সম্পর্ক এবার কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। 

https://www.instagram.com/reels/DXtWYymgq3U/

প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, বনলতা সুদেবকে উসকে তাদের বাড়ির লোককে অনুভবের বিরুদ্ধে কথা বলতে বলে। লাজুকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলে বনলতা। বনলতার কথা শুনে সুদেব ও তার বাড়ির লোক কলকাতায় এসে অনুভবের বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধায়। সুদেব এবং তার বাবা-মা কলকাতার থানায় গিয়ে অভিযোগ করে। অনুভবের বিরুদ্ধে তাদের অভিযোগ সে নাকি লাজুকে জোর করে আটকে রেখেছে আর তার মাথায় খারাপ বুদ্ধি দিচ্ছে। অনুভব সুদেবকে সাবধান করে। কিন্তু কেউই থামবার পাত্র নয়। তাই প্রতিবাদ করে ওঠে লাজু। সে পুলিশকে জানায় যে, সে সাবালিকা। আর সে কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করবে। কেউ তার পড়াশোনা বন্ধ করতে পারবে না, তার স্বামীও নয়। লাজুর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সুদেব। সে ভাবতেই পারে না, লাজু তার বিরুদ্ধে কথা বলবে। এরপরই গল্পে আসে এই নাটকীয় মোড়। 

প্রসঙ্গত 'কনে দেখা আলো' ধারাবাহিকে সমান্তরাল ভাবে দুই জুটির গল্প দেখানো হচ্ছিল। সুদেব এবং লাজুর ভূমিকায় মৈনাক ঢোল এবং সাইনা চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। অনুভব এবং বনলতার চরিত্রে আছেন সোমরাজ মাইতি ও নন্দিনী দত্ত। এই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সোমবার থেকে শুক্রবার সম্প্রচারিত হয়। এই সপ্তাহে পাঁচদিন রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়। এই বিশেষ জায়গাটি ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত দেখানো হবে। টিআরপি তালিকায় 'কনে দেখা আলো' নিজের জায়গা ধরে রেখেছে সেরা দশের মধ্যে।