বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আকাশছোঁয়া সাফল্যের পর রণবীর সিং এখন জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু সাফল্যই কি সব? অন্তত মুকেশ খান্না তেমনটা মনে করেন না। নয়ের দশকের আইকনিক সুপারহিরো ‘শক্তিমান’-এর স্রষ্টা মুকেশ খান্না স্পষ্ট জানিয়ে দিলেন, রণবীর যতই বড় মাপের অভিনেতা হন না কেন, ‘শক্তিমান’ হওয়ার মতো ‘ইমেজ’ তাঁর নেই।

 


আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং-এর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ খোদ মুকেশ খান্না। কিন্তু যখনই প্রসঙ্গ ওঠে বড় পর্দায় ‘শক্তিমান’-এর, তখনই সুর বদলে ফেলেন প্রবীণ এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ খান্না সাফ জানিয়ে দিলেন, রণবীর সিং-এর চোখেমুখে ‘শক্তিমান’-এর মতো পজিটিভিটি বা ইতিবাচকতা নেই। তাঁর মতে, রণবীরের মুখভঙ্গিতে নেতিবাচকতা বা কুটিলতা বেশি প্রকট।

কেন শক্তিমান হিসেবে রণবীরকে পছন্দ নয়? মুকেশ খান্নার দাবি, শক্তিমান হওয়ার জন্য কেবল ভাল অভিনেতা হওয়াই যথেষ্ট নয়, একটি নির্দিষ্ট ভাবমূর্তিও প্রয়োজন। তিনি বলেন, “সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছে যে ‘ধুরন্ধর’ হিট হয়েছে বলে রণবীর এখন অনেক বড় অভিনেতা। কিন্তু শক্তিমানের জন্য আমার কোনও বড় তারকার প্রয়োজন নেই। আমার এমন একজনকে চাই যার চেহারায়, ব্যক্তিত্বে শক্তিমান ফুটে উঠবে।”

তিনি আরও যোগ করেন, “রণবীর আলাউদ্দিন খিলজি হিসেবে দারুণ, গল্লি বয়-তে ভাল, ধুরন্ধর-এও দুর্দান্ত। কিন্তু ও দাঁড়ালে যেন কোনও ষড়যন্ত্রকারীর মতো না লাগে। আমি রণবীরকে ‘কিলভিশ’ (ভিলেন) চরিত্রের জন্য সই করাতে পারি, কিন্তু শক্তিমানের জন্য নয়। ওর মুখে পজিটিভিটি নেই, নেতিবাচকতা আছে।” এবার মুকেশ খান্নার এই ‘নেতিবাচক চেহারার’ তকমা রণবীর সিং-এর কেরিয়ারে এবং আসন্ন প্রজেক্টে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।


কেবল রণবীর সিং নন, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুরের ‘শ্রীরাম’ হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুকেশ। টিজার দেখে মন্তব্য করতে রাজি নন তিনি। তাঁর কথায়, “ডেটিং-এর সময় ছেলে-মেয়েরা নিজেদের সেরাটা দেখায়, আসল রূপ প্রকাশ পায় বিয়ের পর। সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে। ‘আদিপুরুষ’-ও অনেক কথা বলেছিল।”


রণবীর কাপুর (রাম), সাই পল্লবী (সীতা), রকিং স্টার ইয়াশ (রাবণ), সানি দেওল (হনুমান) এবং রবি দুবে (লক্ষ্মণ) অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’ এই বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে। ছবির দ্বিতীয় অংশ আসবে ২০২৭ সালের দীপাবলিতে।