সংবাদ সংস্থা, মুম্বই: চারিদিকে তারকাদের চাঁদের হাট। তারই মাঝে ঠোঁটে ঠোঁট। স্বামীকে আগলে গভীর চুম্বনে ডুব। একে অপরকে ভালোবাসায় ভরালেন ববি দেওয়াল এবং তাঁর স্ত্রী তানিয়া দেওয়াল। সম্প্রতি আবু ধাবিতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির, বিশেষত বলিউডের সবচেয়ে বড়, ঝাঁ চকচকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আইআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানেই দম্পতির প্রেমে মোড়া দৃশ্যের সাক্ষী থাকেন দর্শকেরা। 

এবারের আইফায় ‘অ্যানিমাল’ ছবির জন্য সেরা খল চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। নাম ঘোষণা হতেই চোখ ভিজে যায় অভিনেতার । পাশেই বসেছিলেন স্ত্রী তানিয়া। স্ত্রীর গালে চুম্বন করে নিজের আবেগকে সামাল দেন ববি। তানিয়াও স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে এঁকে দেন চুম্বন। 

আইফার মঞ্চে ববি দেওল যখন পুরস্কার নিতে ওঠেন দর্শকাসনে তখন চিৎকার,  অভিনেতাকে ‘জামাল কুদু’ নাচের স্টেপ দেখাতে হবে। ভক্তদের আবদার মেনে স্টেজেই সেই গানের সঙ্গে খানিক পা মেলান ববি। মাথায় গ্লাস নিয়ে অভিনেতার সেই 'কালজয়ী' স্টেপ দেখে গমগম করতে থাকে আইফার দর্শকাসন। সেই সময়ও চোখের কোন ভিজে ওঠে ববির।

'অ্যানিম্যাল' ছবিতে মেরেকেটে পনেরো মিনিট ছিলেন ববি দেওয়াল। কিন্তু এই পনেরো মিনিটেই মন জয় করেছেন দর্শকদের। ‘জামাল কুদু’  নাচ থেকে মারকাটারি অ্যাকশন,  ‘আব্রার’  চরিত্রে বড় চমক ছিলেন ববি। বহু দিন পর  সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওই ছবির হাত ধরে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেন 'সোলজার'। ছবিটি সেরা ছবি, সেরা সহ-অভিনেতা ও সেরা গায়কের পুরস্কারও পায় এবারের আইফায়।