দেশের অপরাধ জগতের কুখ্যাত নাম লরেন্স বিষ্ণোই গ্যাং ফের একবার বড়সড় নাশকতার ছক কষে খবরের শিরোনামে। এবার তাঁদের নিশানায় রয়েছেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা। রবিবার হরিয়ানার পানিপথে একটি গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করার পাশাপাশি বাদশাকে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে এই গ্যাং।

পুলিশ সূত্রে খবর, পানিপথের আসান্ধ রোডে একটি অফিসের বাইরে দিনের বেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায়। জানা গিয়েছে, ওই অফিসটি অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়েছে, এই হামলাটি কেবল একটি 'ট্রেলার' ছিল। আসল সিনেমা নাকি এখনও বাকি।

ওই বার্তায় রণদীপ মালিক এবং অনিল পণ্ডিত নামে দুই ব্যক্তি হামলার দায় স্বীকার করেছেন। তাঁরা বর্তমানে আমেরিকা থেকে গ্যাং পরিচালনা করছেন বলে দাবি করা হয়। বিষ্ণোই গ্যাং-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ওই অফিস থেকে বিদেশের টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছিল। তাই তারা এই হামলার পরিকল্পনা করে।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল গায়ক বাদশার প্রতি তাঁদের সরাসরি হুমকি। বার্তায় বলা হয়েছে, বাদশা হরিয়ানার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছেন। এর আগে ২০২৪ সালে একটি ক্লাবে তাঁকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি শোধরাননি। এবার সেই আক্রমণের মাত্রা আরও ভয়াবহ হবে বলে জানানো হয়েছে। 

এই ঘটনার পর থেকে পানিপথ জুড়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়া পোস্টটির সত্যতা যাচাই করছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, "আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। বাদশার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর পিছনে বিষ্ণোই গ্যাং-এর আসল কোনও সদস্য আছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।" এই ঘটনার ফলে বি-টাউনের তারকাদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। লরেন্স বিষ্ণোই বর্তমানে জেলে থাকলেও তাঁর দলের এই নেটওয়ার্ক পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।