২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীদের তালিকা একে একে সামনে আসছে। এবার টলিউডের অন্দরের গুঞ্জন অভিনেতা, পরিচালক পরমব্রত চ্যাটার্জি নাকি ভোটের টিকিট পাচ্ছেন। বেশ কয়েকদিন ধরেই এই গুঞ্জনে মূখর টলিপাড়া। গত বছর ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সংঘাত চরমে পৌঁছয়। রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা দিয়ে যে সমস্যার শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছয় যেখানে কিছুদিনের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় টলিপাড়া। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থায় সেই জট কাটে। কিন্তু তাও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কিছু পরিচালক। সেখানে নাম ছিল পরমব্রত চট্টোপাধ্যায়েরও। তবে তারপরেই সুর বদলে একেবারেই অন্য কথা জানালেন পরিচালক, অভিনেতা। 

পরমব্রত চট্টোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন সমাজমাধ্যমে। সেখানে তিনি বস্তুত স্বীকার করে নিয়েছিলেন যে ফেডারেশনের বিরুদ্ধে তাঁরা যে মামলা করেছিলেন সেটা হঠকারী ছিল। শুধু তাই নয়, সেই সিদ্ধান্তকে ভুল বলেও দাবি করেছিলেন তিনি। ফলে, তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে এ এবার ঘাসফুল ঘনিষ্ঠ হচ্ছেন তিনি। 

এবার সেই গুঞ্জন আরও জোরালো হল। তবে এই বিষয়ে নাকি এখনও পর্যন্ত কিছুই জানেন না পরমব্রত। অভিনেতা, পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র আজকাল ডট ইন-কে জানিয়েছেন, এই মুহূর্তে মুম্বইয়ে আছেন তিনি, শুটিং করছেন। চলমান এই গুঞ্জন প্রসঙ্গে কোনও সঠিক তথ্য নেই পরমব্রতর কাছে। ফলে এই গুঞ্জনকে আপাতত ভুয়ো বলেই চিহ্নিত করেছেন ওই সূত্র। 

প্রসঙ্গত, বরাবরই ক্যামেরার ওপারে থাকতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন পরিচালক। তবে ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্যামেরার সামনেও। যদিও পরিচালক হিসেবেও দর্শক মহলে খ্যাতি পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর বড়পর্দা থেকে ওটিটি, টলিউড থেকে বলিউডে তাঁর অবাধ বিচরণ। বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। তবে পরমব্রত আবারও ফিরতে চলেছেন তাঁর চেনা গণ্ডিতে। অভিনেতাকে আবারও দেখা যেতে চলেছে ছোটপর্দায়। 

জি বাংলার আসন্ন ধারাবাহিক 'কমলা নিবাস'-এ দেখা যেতে চলেছে পরমব্রতকে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়কে। গল্পে দেবাদৃতার সঙ্গে দেখা যেতে চলেছে পরমব্রতকে। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি।