দক্ষিণী ছবির অভিনেত্রী অনুষ্কা শেট্টির ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর পর্দায় তাঁর অভিনীত ‘দেবসেনা’ চরিত্রটি যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছে, তেমনই পর্দার বাইরে প্রভাসের সঙ্গে তাঁর রসায়ন নিয়েও চর্চা কম হয়নি। বহুদিন ধরে গুঞ্জন ছিল যে, দক্ষিণী মেগাস্টার প্রভাসের সঙ্গেই হয়তো সাতপাকে বাঁধা পড়বেন তিনি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার তাঁর বিয়ের খবর নতুন মোড় নিয়েছে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রভাস নন, বরং এক নামী ব্যবসায়ীর সঙ্গেই জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৪২ বছর বয়সী এই সুন্দরী অভিনেত্রী। জানা গিয়েছে, পাত্রকে পছন্দ করেছেন অনুষ্কার পরিবার। এটি ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ হতে চলেছে বলেই খবর। যদিও পাত্রের নাম বা পরিচয় এখনও কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে তিনি একজন বড় মাপের ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরেই অনুষ্কা ও প্রভাসের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলত। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে অনুরাগীরা এক প্রকার নিশ্চিত ছিলেন যে বাস্তুবিক জীবনেও তাঁরা দম্পতি হতে চলেছেন। এমনকী একাধিকবার তাঁদের বাগদানের খবরও রটেছিল। তবে প্রতিবারই এই দুই তারকা একে অপরকে স্রেফ ‘ভাল বন্ধু’ বলে দাবি করে এসেছেন। এবার অনুষ্কার বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে সেই দীর্ঘকালীন জল্পনা যেন এক নিমেষে শেষ হয়ে গেল।"
জানা গিয়েছে, অনুষ্কা নাকি তাঁর বাবা-মায়ের পছন্দকে সবসময়ই প্রাধান্য দেন। তাই পারিবারিক আলোচনার মাধ্যমেই এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ের প্রস্তুতিও নাকি তলে তলে শুরু হয়ে গিয়েছে। বর্তমানে অনুষ্কা তাঁর হাতে থাকা কিছু ছবির কাজ দ্রুত শেষ করতে ব্যস্ত, যাতে বিয়ের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারেন।
অনুষ্কার ঘনিষ্ঠ মহলের মতে, খুব শীঘ্রই হয়তো বড় কোনও অনুষ্ঠান করে এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের জানানো হবে। তবে প্রভাসের অনুরাগীদের জন্য এই খবরটি কিছুটা মন খারাপের হলেও, অনুষ্কার নতুন জীবনের জন্য শুভেচ্ছায় ভাসছে নেট দুনিয়া। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে ‘দেবসেনা’ তাঁর রাজকুমারের পরিচয় সবার সামনে আনেন।
