মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভারতে এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার থেকেই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার বিতরণ শুরু করেছে কেন্দ্র সরকার।
2
9
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দীর্ঘ আলোচনা ও পরিস্থিতি পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাণিজ্যিক গ্রাহকরাও এলপিজি সিলিন্ডার পাবেন। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বাণিজ্যিক সিলিন্ডার বিতরণ শুরু হয়েছে এবং গ্রাহকেরা তা পেতেও শুরু করেছেন।”
3
9
সরকারের এই সিদ্ধান্তে বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং শিল্প কিছুটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে আতিথ্য শিল্পসহ বহু ছোট-বড় ব্যবসা চরম সমস্যার মুখে পড়েছিল।
4
9
তবে সরকারের দাবি, দেশে গৃহস্থালির চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে। তা সত্ত্বেও আতঙ্কে সাধারণ গ্রাহকদের মধ্যে অতিরিক্ত বুকিংয়ের প্রবণতা বেড়ে গেছে। সুজাতা শর্মা জানান, শুধু শুক্রবারই গৃহস্থালি গ্রাহকদের এলপিজি বুকিং প্রায় ৬০ শতাংশ বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
5
9
এই পরিস্থিতি সামাল দিতে সরকার তেল বিপণন সংস্থাগুলিকে বিশেষ প্রচারাভিযান চালানোর নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে এলপিজি বুকিং করতে উৎসাহিত করা হবে এবং আতঙ্কে অতিরিক্ত সিলিন্ডার বুক না করার বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।
6
9
ভারতের এলপিজি চাহিদার একটি বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল। মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ এলপিজি বিদেশ থেকে আমদানি করতে হয়। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সেই সরবরাহের বড় অংশ হরমুজ প্রণালী দিয়েই ভারতে পৌঁছায়।
7
9
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে ওই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও অস্থিরতা তৈরি হয়েছে।
8
9
এদিকে শনিবার ভোরে ভারতের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ বিতর্কিত হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানা গেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল সচল রাখতে মার্কিন নৌবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেবে।
9
9
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটবে না। তবে সরকারের পদক্ষেপে আপাতত বাণিজ্যিক খাতে এলপিজি সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।