আজকাল ওয়েবডেস্ক: প্রার্থী তালিকায় নাম থাকার পরেও "না" বলেছিলেন নির্বাচনে। তবে তার দিন কয়েকের মধ্যেই সিদ্ধান্ত বদল ভোজপুরী গায়ক-অভিনেতার পবন সিং-এর। বললেন, সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা তিনি দিয়েছেন, তা রাখতেই এবার ভোট লড়বেন। তারজন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি। গেরুয়া শিবিরের প্রথম প্রার্থী তালিকায় এ রাজ্যের ২০ জন প্রার্থীর নাম ছিল। তারমধ্যে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল ভোজপুরি তারকা শিল্পী পবন সিংয়ের। কিন্তু প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর, তিনি জানিয়েছিলেন ভোট লড়বেন না। স্বাভাবিক ভাবেই তাঁর এই সিদ্ধান্তের পর, বেশ অস্বস্তি তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে। তবে বিজেপির দ্বিতীয় কেন্দ্র তালিকা প্রকাশের আগেই সিদ্ধান্ত বদল পবনের। সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানালেন, তিনি ভোট লড়বেন। তবে বিজেপি থেকেই ভোট লড়বেন কিনা সেকথা বলেননি, জানা যায়নি কোন কেন্দ্র থেকে নির্বাচন লড়তে চলেছেন তিনি।