আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হল এক মৌলির। মৃতের নাম গোবিন্দ গায়েন। বাড়ি মৈপীঠ থানার কিশোরীমোহনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোবিন্দ গায়েন–সহ তিনজন বৈধ পাস নিয়ে পাখিরালার জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। জঙ্গলের মধ্যে মধু সংগ্রহের সময় অতর্কিতে একটি বাঘ হামলা চালায় গোবিন্দের উপর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুই সঙ্গী মৃতদেহ উদ্ধার করে মইয়ের ঘাটে নিয়ে আসেন।
তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু প্রধান ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে জানিয়েছেন। কুলতলির বিদায়ী বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল অসহায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
প্রসঙ্গত, সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মৈপীঠেই এই ঘটনা একাধিকবার ঘটেছে। বন দপ্তরের তরফে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবধানতা অবলম্বন করা হয়েছে। কিন্তু বাঘের হামলায় মৃত্যুর ঘটনা আটকানো যায়নি।















