গরম পড়লেই শরীর যেন একেবারে ক্লান্ত হয়ে পড়ে। রোদে বেরলে মাথা ঘোরানো, দুর্বল লাগা বা অতিরিক্ত তৃষ্ণা-এসব সমস্যা খুবই সাধারণ। এই সময় শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে ঘরোয়া একটি দারুণ পানীয় হল আম পান্না। কাঁচা আম দিয়ে বানানো এই ড্রিঙ্ক গরমের দিনে শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে।

আম পান্না শুধু সুস্বাদু নয়, এটি খুবই উপকারী। কাঁচা আমে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি হিটস্ট্রোক বা লু থেকে বাঁচাতেও কাজে দেয়। গরমে ঘাম দিয়ে শরীর থেকে যে লবণ বেরিয়ে যায়, আম পান্না তা পূরণ করতেও সাহায্য করে।

এবার জেনে নিন, কীভাবে খুব সহজে বাড়িতে আম পান্না বানাবেন। প্রথমে ২-৩টি কাঁচা আম ভাল করে ধুয়ে নিন। তারপর সেগুলো সেদ্ধ করে নিন বা প্রেসার কুকারে ২-৩টি সিটি দিন। আম নরম হয়ে গেলে ঠান্ডা করুন। এরপর খোসা ছাড়িয়ে ভেতরের শাঁস বা পাল্প বের করে নিন।

এই পাল্প একটি পাত্রে নিয়ে তাতে চিনি বা গুড় মেশান। সঙ্গে দিন এক চিমটি নুন, সামান্য ভাজা জিরে গুঁড়ো আর চাইলে একটু গোলমরিচ গুঁড়ো। সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। এতে একটা ঘন মিশ্রণ তৈরি হবে।

এরপর এই মিশ্রণে ঠান্ডা জল মিশিয়ে নিন। আপনি যতটা পাতলা বা ঘন চান, সেই অনুযায়ী জল দিন। শেষে কিছু পুদিনা পাতা দিলে স্বাদ আরও বাড়বে এবং পানীয়টি আরও ফ্রেশ লাগবে।

আম পান্না শুধু তৃষ্ণা মেটায় না, হজমেও সাহায্য করে। গরমে শরীরের এনার্জি কমে গেলে এই পানীয় তা দ্রুত ফিরিয়ে আনে। তাই অনেকেই একে গরমের ‘এনার্জি ড্রিঙ্ক’ বলেও মনে করেন।

তবে যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা চিনি কম দিয়ে বা বিকল্প ব্যবহার করে বানাতে পারেন। আর সবসময় চেষ্টা করুন টাটকা বানিয়ে খেতে।

সবমিলিয়ে, গরমের দিনে নিজেকে ঠান্ডা ও সুস্থ রাখতে আম পান্না একটি সহজ, সস্তা ও কার্যকর সমাধান। বাড়িতেই বানিয়ে নিন, আর গরমকে বলুন ‘বাই বাই’!