আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন মিটতে না মিটতেই ফের একবার রক্তাক্ত হল মুর্শিদাবাদ। শুক্রবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকায়। শুক্রবার সকালে বাসুদেবপুর সিনেমা হলের পিছনের ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম ফারহাত শেখ। ২৭ বছর বয়সি যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত পূর্ব দেবীদাসপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মাঠের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা দেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তে ভিড় জমে যায় ওই অঞ্চলে। খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। তারপর সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। যদিও খুনের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ।
এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ফারহাতের স্ত্রীর সঙ্গে তাঁর মামাতো এক ভাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি ফারহাত বিষয়টি জেনে ফেলেন। তারপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পুলিশের অনুমান, সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়ায় ফারহাত। তাই তাঁকে সরাতেই পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে।
অন্যদিকে ফারহাতের পরিবারের বাকি সদস্যদের দাবি, এটি নিছক মৃত্যু নয়, সুপরিকল্পিত খুন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত দ্রুত তাঁদের খুঁজে বের করতে হবে। একইসঙ্গে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও দাবি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গতকালই মুর্শিদাবাদ-সহ রাজ্যের ১৫টি জেলায় প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। এ বার ভোটদানের হার নজিরবিহীন। ১৫২টি আসনে ভোটদানের হার ৯২.৮৮ শতাংশ। শুক্রবার সকাল পর্যন্ত এই হিসাবই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যে তো বটেই, বিধানসভা নির্বাচনের নিরিখে সারা দেশে এই পরিসংখ্যান বিরল।
















