আজকাল ওয়েবডেস্ক: এক মাসের মধ্যে বিশ্বের সমস্ত সাইট থেকে 'ডিলিট' বা মুছে ফেলতে হবে এই চারজন মহিলাকে নিয়ে তৈরি সমস্ত অশ্লীল দৃশ্য বা ব্লু ফিল্ম। নারী পাচার ও অসহায় মহিলাদের নিয়ে ব্লুফিল্ম বা নোংরা ছবি বানানোর অভিযোগ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দিল বারাসত আদালত। 

 

 

রাজ‌্য সরকারের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 'মামলাটি হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের এলাকায়। মঙ্গলবার সেই সম্পর্কে রায় দিতে গিয়ে বারাসত আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয় যে চারজন মহিলা এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তাঁদের নিয়ে যে ব্লুফিল্মগুলি তৈরি হয়েছে সেগুলি বিশ্বের সমস্ত সাইট থেকে মুছে ফেলতে হবে। এ সম্পর্কে এক মাসের মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনারকে আদালতে রিপোর্ট দিতে হবে।' 

 

 

ঠিক কী হয়েছিল? বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, '২০২১ সালের মার্চ মাসে নিউটাউন এলাকায় একটি হোটেল থেকে পাঁচজনকে ধরে পুলিশ। এদের কাছে সেক্স টয় থেকে আরও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। যা প্রমাণ করে নোংরা ছবি বা ব্লু ফিল্ম বানানোর জন্য এরা হোটেলে এসেছিল। সকলেই পুরুষ। এরা একজন মহিলাকে হোটেলে নিয়ে এসেছিল ব্লুফিল্ম তৈরির জন্য। তদন্তের সময় আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। দেখা যায়, করোনার সময় এরা বিভিন্ন মহিলাকে সিরিয়াল বা সিনেমায় কাজ পাইয়ে দেব বলে হোটেলে নিয়ে গিয়ে মহিলাকে বাধ্য করত বিভিন্ন অশ্লীল দৃশ্যের শুটিং করার জন্য।'

 

 

ঘটনার বিবরণে বিভাস চট্টোপাধ্যায় বলেন, 'এমনকী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মহিলাকে অজ্ঞান করে তাঁর অশ্লীল ভিডিও পর্যন্ত এরা তুলত। পরে সেই ভিডিও এরা ইন্টারনেটে বিক্রি করত। চারজন  মহিলা এবিষয়ে এগিয়ে এসে তাঁদের ওপর অত্যাচারের এই ঘটনার সাক্ষ্য দেন। আদালত ছয় জন দোষীকে মোট ১০ বছরের কারাদণ্ডাদেশ এবং একইসঙ্গে সকলকে দেড় লক্ষ টাকা করে জরিমানা করেছে।'