আজকাল ওয়েবডেস্ক: রমজান মাসে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়ল চুঁচুড়া-মগরা ব্লকের ইসলামপাড়া আই এম মাদ্রাসায়। শুক্রবার সেখানে চুঁচুড়া-মগরা ব্লক ও বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি বিশাল ইফতার কর্মসূচি। প্রায় পাঁচ হাজার রোজাদার মানুষ একসঙ্গে বসে এখানে উপবাস ভঙ্গ করেন।
অনুষ্ঠানটির বিশেষত্ব ছিল বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সম্প্রীতির বার্তা দিতে ইফতারের আসরে হাজির ছিলেন গাজী দরগা মসজিদের ইমাম কামরুদ্দিন শাহিল হাসমতী, পণ্ডিত বিজয় কুমার মহারাজ, গুরুদোয়ারার ধর্মগুরু বলবীর সিং ও বলবিন্দর সিং, বৌদ্ধ ভিক্ষু নির্মল বড়ুয়া এবং খ্রিস্টান ধর্মগুরু ফাদার শ্রীবাস স্টান হাসদা।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অসীমা পাত্র, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, এবং বিশিষ্ট ব্যবসায়ী কমল দাস।
এছাড়াও বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসি জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, ব্লক সভাপতি তাপস চক্রবর্তী-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতারের পাশাপাশি এ দিন এক মানবিক উদ্যোগও নেওয়া হয়। এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের হাতে ঈদের উপহার হিসেবে নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। সব মিলিয়ে, রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মিলন উৎসব।
