আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে যখন রান্নার গ্যাসের জন্য ডিলারদের দরজায় সাধারণ মানুষের দীর্ঘ লাইন, ঠিক তখনই প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি ঘিরে শুরু হল তীব্র রাজনৈতিক তরজা। জনসভায় আগত হাজার হাজার কর্মী-সমর্থকদের জন্য সারি সারি ঘরোয়া সিলিন্ডার  ব্যবহার করে চলছে ভোজের প্রস্তুতি। হাওড়ায় জনসভার রান্নার জন্য ডোমেস্টিক সিলিন্ডারের ব্যবহারকে ‘পিকনিক রাজনীতি’ বলে কটাক্ষ করছে তৃণমূল। পাল্টা জবাবে একে শাসকদলের তৈরি ‘কৃত্রিম সংকট’ বলে তোপ দেগেছে বিজেপি।

হাওড়া জেলা সদর বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের দাবি, রাজ্যে আসলে গ্যাসের কোনও অভাব নেই। তাঁর অভিযোগ, "গ্যাসের কোনও সংকট নেই, এটা তৃণমূলের তৈরি করা কৃত্রিম সংকট। ডিলারদের ভয় দেখিয়ে বাজারে অভাব সৃষ্টি করা হচ্ছে যাতে মানুষ বিজেপির ওপর ক্ষুব্ধ হয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই দোকানে লাইন দেওয়ানো হচ্ছে।"

অন্যদিকে, এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন হাওড়া জেলা যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। তিনি বলেন, "সাধারণ গরিব মানুষ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না, আর বিজেপি এখানে পিকনিক করার জন্য ২০-৩০টি সিলিন্ডার মজুত করেছে। পুলিশের দেখা উচিত এই সিলিন্ডার কোথা থেকে এল।" তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের কষ্টের তোয়াক্কা না করে যারা উৎসব করে, তাদের লজ্জা হওয়া উচিত।

রাজনৈতিক দলের এই কর্মকাণ্ড আপাতত সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।