আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে শুক্রবার হঠাৎই বদলি হলেন মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া। শুক্রবার সন্ধে নাগাদ নবান্ন থেকে জারি করা একটি নির্দেশিকায় মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়াকে সরিয়ে কেএমডিএ-র সিইও সুরেন্দ্র কুমার মীনাকে মুর্শিদাবাদের জেলা শাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে রাজ্য সরকারের যে নির্দেশিকার মাধ্যমে নীতিন সিংহানিয়াকে মুর্শিদাবাদে জেলা শাসকের পদ থেকে সরানো হয়েছে সেই নির্দেশিকায় তাঁকে অন্য কোনও পদে বসানোর নির্দেশ উল্লেখ নেই।
মাত্র কয়েক মাস আগেই মালদার জেলা শাসকের পদ থেকে সরিয়ে নিতেন সিংহানিয়াকে মুর্শিদাবাদের জেলা শাসক পদে বসানো হয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই রাজ্য সরকার নীতিন সিংহানিয়াকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
তবে তথ্যভিজ্ঞ মহলের ধারণা মুর্শিদাবাদ জেলায় এসআইআর-এর কাজ সংক্রান্ত কারণেই বদলি হতে হল নীতিন সিংহানিয়াকে।
প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের নাম 'বিচারাধীন'-এর তালিকায় রয়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় মুর্শিদাবাদ জেলার ১১ লক্ষ ২১ হাজার ২০৫ জন ভোটারের নাম 'বিচারাধীন' তালিকায় রয়েছে। মুর্শিদাবাদ জেলায় এসআইআর-এর কাজ করার জন্য ৯৮ জন বিচারক নিযুক্ত হয়েছেন।
রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানান, সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে যখন বৈঠক করেছিলেন ,সেই সময় যে কয়েকজন জেলাশাসক নিজেদের কাজের জন্য কমিশনের 'রোষানলে' পড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন নীতিন সিংহানিয়া।
সূত্রের খবর, জেলাশাসক পদে নীতিন সিংহানিয়াকে রেখে দেওয়া হলে তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে পারত জাতীয় নির্বাচন কমিশন। সূত্র অনুযায়ী, রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের এই মনোভাব আঁচ করার পরই তড়িঘড়ি নীতিন সিংহানিয়াকে শুক্রবার তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবারই কেএমডিএ-র সিইও সুরেন্দ্র কুমার মীনা, মুর্শিদাবাদের জেলাশাসক হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নেবেন।
