আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর রাতে মিনাখাঁ বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠল হাড়োয়ায়। পাশাপাশি তাঁর স্বামী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডলের উপরেও হামলার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর রাতে হাড়োয়া থানা থেকে কালীপুজোর নেমন্তন্ন সেরে বাড়িতে ফেরার পথে হাড়োয়া অটোস্ট্যান্ডে বিধায়কের গাড়ি আটকে দেওয়া হয়। অভিযোগ, বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এর পর বিধায়ক এবং তাঁর স্বামীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাঠি দিয়ে ঊষারানির পায়ে মারা হয়। জখম হয়েছে তাঁর ডান পা। বিধায়কের অনুগামীদেরও মারধর করা হয়েছে। রাতেই হাড়োয়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ঊষারানি। ঘটনায় এক কর্মী গুরুতর আহত হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঊষারানি মণ্ডল ছাড়াও কালীপুজোর রাতে হামলা হয় আরেক তৃণমূল নেতা সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর উপর। দুটি ঘটনাই পুলিশ খতিয়ে দেখছে।
