আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ফের মৃত্যু হল চার শিশুর। গত ৪৮ ঘণ্টায় এইভাবে শিশু মৃত্যুতে নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। হাসপাতালে অধ্যক্ষ ডাঃ অমিত কুমার দাঁ জানিয়েছেন, "এখনও কিছু বিষয় বাকি থাকায় কমিটি তার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেনি। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে কমিটি তৈরি করেছিল তারা ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে।"

তবে রিপোর্টে কি রয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি। শুক্রবার সন্ধে নাগাদ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি দল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার থেকে বুধবার মধ্যরাতের মধ্যে এক বছরের কম বয়সী ন"টি শিশু এবং আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। তারা বিভিন্ন জটিল রোগ, অপুষ্টি , কম ওজনের শিকার। অনেকেরই "মাল্টি অর্গান ফেলিওরের সমস্যা ছিল। জানা গিয়েছে, হাসপাতালের এসএনসিইউ ওয়ার্ডের ৬৫ টি শয্যায় প্রায় দেড়শ জন শিশু ভর্তি রয়েছে।