আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ফরাক্কার বল্লারপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বেসরকারি ভলভো বাস ও সব্জি বোঝাই ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম ও পরিচয় বুধবার সকাল পর্যন্ত জানা যায়নি । সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে ছোট গাড়িটি। এমনকী ভেঙে চুরমার বাসের সামনের কাচও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কলকাতাগামী ভলভো বাসটির সঙ্গে উল্টো দিকের ভুল লেন দিয়ে আসা একটি সব্জিবাহী গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান পণ্যবাহী গাড়ির দুই যাত্রী। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত আরও এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ভলভো বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। তবে এখনও কোনও হতাহতের খবর নেই।
দুর্ঘটনার জেরে বুধবার সকাল থেকেই বল্লারপুরে ১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভুল লেন দিয়ে আসার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অংশে রাস্তার হাল খারাপ। ফলে নিত্য যানজট লেগেই থাকে। সম্ভবত যানজট এড়াতেই সব্জিবাহী গাড়িটি ভুল লেনে ঢুকে পড়েছিল।
বেসরকারি বাসের ম্যানেজার মতিউর রহমান জানান, “সব্জি ভর্তি গাড়িটি হঠাৎই ভুল লেন ধরে আমাদের বাসের মুখোমুখি চলে আসে। তীব্র সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং দু’জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমাদের বাসের সামনের অংশও ভেঙে চুরমার হয়ে গিয়েছে।” দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ দু'টি গাড়ি আটক করেছে পুলিশ।















