আজকাল ওয়েবডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই ফোন এবং ঘণ্টাখানেক কথোপকথন। আলোচনা আসন্ন নির্বাচনের আসন রফা নিয়ে। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই উদ্ধব ঠাকরেকে ফোন করেছিলেন রাহুল গান্ধী। দুজনের কথা হয়েছে একঘন্টা। এই মুহূর্তে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে বৈঠক চলছে আসন রফা নিয়ে। বৃহস্পতিবার দিল্লিতে আপ কংগ্রেসের আসন রফা নিয়ে সদর্থক আলোচনার কথা জানা গিয়েছিল। তার পরেই জানা যায়। গুজরাট, গোয়া, চণ্ডীগড় এবং হরিয়ানাতেও আপ এবং কংগ্রেসের মধ্যে আসন রফা প্রায় চূড়ান্ত। লোকসভা নির্বাচনের আগে সময় নেই বেশি। ইন্ডিয়া জোটের বাকি দলগুলির সঙ্গে ধীরে ধীরে আসন সমঝোতা, রফা নিয়ে আলোচনায় বসছে হাত শিবির। মহারাষ্ট্রের নির্বাচনে লড়াই হবে কীভাবে? আসন নিয়ে আলোচনার জন্যই বালা সাহেব পুত্রকে সোনিয়া পুত্র ফোন করেছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের ৬টি লোকসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে লড়তে চায় হাত শিবির। ওই তিনটি কেন্দ্র হল, মুম্বই উত্তর মধ্যে, মুম্বই উত্তর পশ্চিম এবং মুম্বই দক্ষিণ মধ্য। অন্যদিকে, শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির মহারাষ্ট্রের ১৪টি আসনে লড়াই করতে চাইছে।