আজকাল ওয়েবডেস্ক: এক নিম্নচাপ সরতেই, ফের আরও এক নিম্নচাপের জেরে আকাশের মুখভার। বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও আবহাওয়ার রূপ বদলে গেল। গত কয়েক দিনে ঝকঝকে রোদের দেখা পাওয়া গিয়েছিল। এদিন ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু শহরে। কোনও কোনও জেলায় সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি। এই বৃষ্টি চলবে একটানা। আজ থেকে একাধিক জেলায় কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আজ ২৪ জুলাই, বৃহস্পতিবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর। আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে আংশিক মেঘলা থাকলেও, বেলায় তার রূপ বদলাবে। ঘন কালো মেঘে ঢাকবে শহর। দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে আজ। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামিকাল, শুক্রবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আগামিকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। আগামী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার থেকে সোমবার এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। রবিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে।
















