আজকাল ওয়েবডেস্ক: ফের দিল্লিতে এক ভয়াবহ নৃশংস হত্যা। এবার ঘটে উত্তর দিল্লির হায়দারপুর এলাকায়। ৮ জনের একটি দল ১৪ বছর বয়সী এক নাবালককে হত্যা করেছে বলে অভিযোগ। যার মধ্যে ৪ কিশোরও রয়েছে। পালাক্রমে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় বালককে । এরপর তার নগ্ন দেহ খালে ফেলে দেয়। ঘটনা জানাজানি হতে হুলুস্থুল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরাসপুরের জীবন পার্কের বাসিন্দা ওই বালক৷ প্রতিশোধের উদ্দেশ্যে প্রথমে তাকে অপহরণ করা হয়৷ এরপর বিবস্ত্র করে হত্যা করা হয়। ১ জুলাই মুনাক খালের কাছে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শরীরে একাধিক ক্ষত। গলায় একটি স্কার্ফ বাঁধা অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, আংশিক পচে যাওয়া মৃতদেহ শনাক্ত করা হয়৷
প্রাথমিক তদন্তের ভিত্তিতে, একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে৷ অতিরিক্ত নজরদারির মাধ্যমে পুলিশ প্রথমে দুই মূল অভিযুক্ত, কৃষ্ণ ওরফে ভোলা (১৯) ও এক কিশোরকে গ্রেপ্তার করে। বালকের প্রতি অভিযুক্তদের ক্ষোভ ছিল বলে ধারণা করেছে পুলিশ৷
ঘটনার দিন মধ্যরাতে কৃষ্ণ এবং আরও সাতজন বীর চক বাজারের কাছে বালককে আটক করে। বন্ধুদের সামনেই তাকে অপহরণ করে ও খালের ধারে নিয়ে যায়। আরও তদন্তের ফলে অশ্মিত ওরফে অশ্বানী (১৮) এবং আরও তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেলও এখন পুলিশের অধীনে । আরও দুই সন্দেহভাজন মনু এবং মোহিত কে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। হরিদ্বারে পালিয়ে গিয়েছে বলে ধারণা করা হয়। তাদের খুঁজে বের করার জন্য পুলিশ দল উত্তরাখণ্ডে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।
















