আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় পাঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশনে যোগ দিয়েছেন। চাাঞ্চল্যকর এই অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলের বিধায়করা। স্বাভাবিকভাবেই এতে উত্তেজনা ছড়ায়। যদিও মুখ্যমন্ত্রী মান, বিরোধী দলের বিদায়কদের উদ্দেশে অহেতুক বাগবিতণ্ডা এড়িয়ে বিধানসভার মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
পাঞ্জাবের একজন কংগ্রেস বিধায়ক অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মদ্যপ অবস্থায় বিধানসভায় এসেছেন। এই দাবির পরেই বিতর্কের সূত্রপাত হয়। বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া বিষয়টি আরও উস্কে দিয়ে দাবি জানান যে, বিধানসভার সকল বিধায়কেরই অ্যালকোহল মিটার পরীক্ষা করা হোক। তিনি বলেন, "যেহেতু রাজ্যের প্রধান, মানে মুখ্যমন্ত্রী বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ উঠেছে, তাই সত্য উদ্ঘাটনের স্বার্থে প্রত্যেক বিধায়কেরই পরীক্ষা করা উচিত।"
শিরোমণি আকালি দলও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায়। তারা বিধানসভার ভেতরকার ভিডিও প্রকাশ করে এবং তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। শ্রমিক দিবসের দিন ভগবন্ত মানের এহেন কার্যকলাপকে শিরোমণি আকালি দল "অত্যন্ত লজ্জাজনক" বলে অভিহিত করেছে। বিরোধী দলের বিধায়করা সাধারণ মানুষকে বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রীর আচরণ পর্যবেক্ষণ করার আহ্বান জানায় এবং তাঁর এই আচরণের তীব্র নিন্দা করেন।
আকালি দল আরও দাবি জানায় যে, সত্য সামনে আনার লক্ষ্যে ভগবন্ত মান যেন পাঞ্জাবের জনগণের সামনে 'ডোপ টেস্ট' (মাদক পরীক্ষা) করান।
এই হট্টগোলের জবাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন যে, পাঞ্জাব বিধানসভার এ দিনের বিশেষ অধিবেশনটি শ্রমিক দিবসের উদ্দেশ্যে নিবেদিত। তাই তিনি সকল সদস্যকে অহেতুক বাগবিতণ্ডা এড়িয়ে বিধানসভার মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।















