আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকার নাগরিকত্ব কাঠামোয় নতুন একগুচ্ছ সংশোধনী এনেছে। এই সংশোধনী ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের জন্য ডিজিটাল মাধ্যমে আরও সুসংগঠিত একটি ব্যবস্থা হতে চলেছে। নতুন নিয়মগুলির লক্ষ্য পদ্ধতিগুলিকে সুবিন্যস্ত করা, কাগজের কাজ কমানো এবং ওসিআই স্ট্যাটাসের রেজিস্ট্রেশন, ত্যাগ ও বাতিলের মতো প্রক্রিয়াগুলিতে আরও স্বচ্ছতা আনা। সংশোধনীতে এমন কিছু নিয়মকেও আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ কর হয়েছে, যা আগে কার্যক্ষেত্রে অনুসরণ করা হলেও নিয়মের মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল না।
এই পরিবর্তনের মাধ্যমে কেন্দ্র গোটা প্রক্রিয়াটিকে ডিজিটাল করতে চাইছে। এখন বেশিরভাগ প্রক্রিয়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয় এবং ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষিত হয়। একই সঙ্গে, এই সংশোধনীগুলি আরও স্পষ্ট সুরক্ষা ব্যবস্থা এবং পদ্ধতিগত স্বচ্ছতা নিয়ে এসেছে, বিশেষ করে আপিল এবং নথির ক্ষেত্রগুলিতে। আশা করা হচ্ছে, এই পরিবর্তন আবেদনকারীদের জন্য গোটা প্রক্রিয়াকে আরও সহজ করার পাশাপাশি ওসিআই রেজিস্ট্রেশনের উপর প্রশাসনিক তদারকিকে শক্তিশালী করবে।
অন্যতম প্রধান পরিবর্তন হল, আরও সুসংহত ডিজিটাল ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া। এর আগে, ওসিআই প্রক্রিয়ায় অনলাইন এবং অফলাইন দু’ভাবেই হত। এতে কাগজপত্র এবং একই নথি একাধিকবার দাখিল করার বাধ্যবাধকতাও ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এখন থেকে আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এতে উল্লেখ করা হয়েছে যে, “ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডধারী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন… নির্ধারিত অনলাইন পোর্টালে করতে হবে।” আরও বলা হয়েছে যে, রেজিস্ট্রেশন ভৌত কার্ড অথবা ইলেকট্রনিক ওসিআই (ই-ওসিআই) হিসেবে প্রদান করা হতে পারে, যার রেকর্ড ইলেকট্রনিক আকারে সংরক্ষণ করা হবে।
সংশোধিত নিয়মে নাবালকদের নিয়ে একটি আইন স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “আবেদনকারীকে অবশ্যই মনে রাখতে হবে যে, নাবালক সন্তান কোনও অবস্থাতেই ভারতীয় পাসপোর্ট ধারণ করার পাশাপাশি অন্য কোনো দেশের পাসপোর্ট রাখতে পারবে না।” এই বিধিনিষেধটিকে নাগরিকত্ব নিয়মে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওসিআই স্ট্যাটাস সমর্পণ করার প্রক্রিয়াটিও আগের ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে স্থানান্তর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে অভিবাসন প্রক্রিয়া সহজ করার জন্য ওসিআই রেজিস্ট্রেশনের সময় সংগৃহীত বায়োমেট্রিক ডেটা ব্যবহার করা যাবে। এই সংশোধনীতে পুরনো বেশ কিছু নিয়ম বাতিল করা হয়েছে।















