মিল্টন সেন, হুগলি: মান্ডিতে নিয়ে যাওয়ার আগেই চুরি হয়ে যায় কৃষকের ৫৫ বস্তা ধান। শনিবার সকালে পোলবার পাউনান গ্রামে সেই ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কথা বলেন কৃষক পরিবারের সঙ্গে। গ্রামে পৌঁছে জানতে পারেন ওই গ্রামে সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। কথা বলেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকের সঙ্গে। জানতে চান সম্প্রতি গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটার কারণ কি? পাশাপাশি চুরি যাওয়া ধান উদ্ধার করার নির্দেশ দেন তিনি। গত বৃহস্পতিবার গভীর রাতে পাউনান গ্রামের কৃষক সন্দীপ বিশ্বাসের বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায় ৫৫ বস্তা ধান। এদিন পাউনান গ্রামে কৃষক সন্দীপ বাবুর বাড়িতে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের সদস্য টিয়া পাত্র, পোলবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রমেন হালদার সহ পঞ্চায়েতের একাধিক সদস্য। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলার পর বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলা শাসক এবং মহকুমা শাসক। চুরি রুখতে গ্রামে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিধায়ক। জানান, সিসি ক্যামেরা বাবদ খরচ তিনি বিধায়ক ফান্ড থেকে করবেন।
Farmer: ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে বিধায়ক, দিলেন ক্ষতিপূরণের আশ্বাস
















