আজকাল ওয়েবডেস্ক: বয়সে ২৮ বছরের ফারাক, তবুও সমাজকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছে সম্পর্ক। আমেরিকার এক মহিলার প্রেম কাহিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বয়সে ২৮ বছরের ফারাক—তবুও তাদের ভালবাসায় কোনও খুঁত নেই, এমনটাই দাবি করছেন ওই যুগল। জানা গিয়েছে, ৩৪ বছর বয়সী জেসিকা ও ৬২ বছর বয়সী অ্যালান প্রেমে পড়েন একটি পার্টিতে দেখা হওয়ার পর। প্রথম দেখা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা সম্পর্কে জড়ান একে অপরের সঙ্গে।

প্রথমদিকে দু’জনের পরিবার ও বন্ধুদের সন্দেহ ছিল এই সম্পর্ক নিয়ে। কিন্তু জানা গিয়েছে, বর্তমানে তাঁরা পুরোপুরি মেনে নিয়েছেন এই সম্পর্কের কথা। যদিও অনলাইনে সমালোচনার ঝড় এখনও থামেনি। জেসিকা জানান, প্রথমে অ্যালানের প্রতি তাঁর কোনও অনুভূতি জাগেনি। তবে অ্যালানকে একজন ভাল মানুষ বলে মনে হয়েছিল। কিন্তু ধীরে ধীরে অ্যালানের জীবনযাপন ও পোশাক-পরিচ্ছদে হস্তক্ষেপ করার পর, তাঁর প্রতি আকর্ষণ জন্মাতে শুরু করে। পরে জেসিকা উপলব্ধি করেন যে, অ্যালানের নাম ও বয়স দুটোই তাঁর বাবার সঙ্গে মিলে যায়। তবে সেটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তিনি সম্পর্কে জড়ান ওই ব্যক্তির সঙ্গে। তাতে কিছু যায় আসেনি। ইউটিউবে একটি শো-তে এসে জেসিকা জানান, ‘আমি সবসময় বলি, অ্যালান প্রেমে পড়েছিল, আর আমি হাঁটতে হাঁটতে প্রেমে ঢুকেছি’।

তাঁরা জানিয়েছেন, প্রথমে সম্পর্ক নিয়ে অনেক কটাক্ষ হয়েছে। এমনকি ‘ড্যাডি ইস্যু বা বাবার প্রেমে পাগল’ এমন মন্তব্যও শুনতে হয়েছিল জেসিকাকে। অনেকেই বলেছেন এই সম্পর্ক ‘টিকবে না’। তবে এই সন্দেহই তাঁদের আরও কাছাকাছি এনেছে বলে মনে করেন দুজনেই। মাত্র ৯ মাসের মধ্যেই অ্যালান জেসিকাকে প্রপোজ করেন। বর্তমানে তাঁদের ৮ বছরের একটি কন্যাসন্তান রয়েছে, এবং তাঁরা একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ১০ বছর। বর্তমানে তাঁরা এখন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে নানা ভিডিও শেয়ার করেন। তবে এখনও সেখানে তাঁরা নানা কটাক্ষের সম্মুখীন হন। তবুও তাঁরা বিশ্বাস করেন, ভালবাসার কোনও বয়স হয় না।