আজকাল ওয়েবডেস্ক: ফের হোয়াইট হাউসের বাইরে চলল গুলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরের বাইরে বন্দুকধারী এক সন্দেহজনক ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের সংঘর্ষ। ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত হন। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা এমন দাবি করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়েছিল। সেখানে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হয়নি। সিক্রেট সার্ভিসের এক যুবক আধিকারিক ম্যাথিউ কুইন বলেছেন, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা কাছে আসতেই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন এবং তাঁদের দিকে লক্ষ্য করে গুলি চালান।
এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্দেহভাজন ওই ব্যক্তির গুলিতে এক কিশোর পথচারী আহত হয়েছে। সে গুরুতর আহত হয়নি। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত মাসের শেষে হোয়াইট হাউসের অদূরে ওয়াশিংটন হিলটন হোটেলে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশাপাশি আরও একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা তাঁর সামনেই পরপর গুলি চলে।
যদিও, ট্রাম্প এবং তাঁর স্ত্রী, সুস্থ এবং নিরাপদে ছিলেন দু'জনেই। এমনকী উপস্থিত অতিথিরাও সকলেই সুস্থ ছিলেন বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার বেশকিছু ছবিও ছড়িয়ে পড়ে। পোস্ট করেন খোদ ট্রাম্প। অন্যদিকে, ইউনাইটেড স্টেড সিক্রেট সার্ভিসের প্রধান ঘটনা প্রসঙ্গে বিবৃতি জারি করেন। তিনি জানান, 'তথ্য পাওয়া মাত্রই আমরা নতুন খবর জানাব এবং তা নিশ্চিত করব। আমাদের দলগুলো ঘটনাস্থলে পরিস্থিতি মূল্যায়ন ও তদন্ত করছে। আমাদের সুরক্ষাধীন সকলেই নিরাপদ আছেন।'
ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খোদ ট্রাম্প। তিনি লিখেছিলেন, 'সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থা চমৎকার কাজ করেছে। তারা দ্রুত এবং সাহসিকতার সঙ্গে কাজ করেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।' সঙ্গেই তিনি জানান, 'সম্পূর্ণভাবে আইন প্রয়োগকারী সংস্থার নির্দেশনাই অনুসরণ করা হবে। তারা শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবে।'
একাধিক সংবাদ মাধ্যমের তথ্য, ভিড়ের মধ্যে থাকা বেশ কয়েকজন জানিয়েছিলেন, তাঁরা পাঁচ থেকে আটটি গুলির মতো শব্দ শুনেছিলেন। ট্রাম্পের ভাষণের অপেক্ষায় থাকা শত শত সাংবাদিক, তারকা এবং জাতীয় নেতারা উপস্থিত ছিলেন সেখানে। গুলির শব্দ শোনার পরেই ওই ঘর ফাঁকা করে দেওয়া হয় সম্পূর্ণরূপে। ভিতরে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়।















