আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় বর্ষের মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে উত্তাল মুম্বই। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ১৮ মে। কর্নাটকের বেলাগাভির বছর বাইশের ওই তরুণী সাংলির একটি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। গত ১৮ মে অভিযুক্ত দুই সহপাঠীর সঙ্গে রাত ১০টায় সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তখন অভিযুক্তরা তাঁকে বলেন, সিনেমা দেখতে যাওয়ার আগে একটি ফ্ল্যাটে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। এই বলে তাঁকে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মদ্যপ ছিলেন। তাঁরা তরুণীকেও মদ্যপানের অনুরোধ করেন। তরুণী তা খাওয়ার পরই অচৈতন্য হয়ে পড়েন। অভিযোগ, তখনই তিন জন তাঁকে ধর্ষণ করে। এবং ঘটনার কথা কাউকে বললে ফল ভাল হবে না বলে হুঁশিয়ারিও দেয়।
প্রথমে ভয় পেলেও তরুণী তাঁর মা–বাবাকে সবকিছু বলেন। তারপরই বিশরমবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের বাড়ি পুণে, সোলাপুর এবং সাংলিতে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণ–সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার আরও তদন্ত চলছে।
জানা গেছে ধৃতদের মধ্যে দু’জন ওই তরুণীর সহপাঠী। অন্যজন তরুণীর দুই সহপাঠীর বন্ধু।
















