আজকাল ওয়েবডেস্ক: মালদহের ঘটনায় প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করল এনআইএ। মোথাবাড়িকাণ্ডে এনআইএ-কেই তদন্তভার দিল সুপ্রিম কোর্ট। নতুন করে তদন্তকারী দল এফআইআর করতে পারে বলে শীর্ষ আদালত জানিয়েছে। এদিন মোথাবাড়িকাণ্ড ঘিরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি'। 

মালদহের কালিয়াচকের বিচারকদের ঘেরাও করার ঘটনায় প্রাথমিক রিপোর্টে এনআইএ জানিয়েছে, এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাণ্ডে ১২টি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ৩০৯ জন সন্দেহভাজন তালিকায় রয়েছেন। মোট পাঁচ জন চিহ্নিত গোলমালকারী। এখনও পর্যন্ত সবমিলিয়ে মোট ৪৩২ জন এনআইএ-এর নজরে রয়েছেন। 

মালদহের মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় তদন্তের গতি বাড়িয়েছে এনআই। গত বুধবারের সেই শিউরে ওঠা ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই অঞ্চলের ২২ বিএলও-কে।  তদন্তকারীদের কথা হয়েছে ওই সময় আটকে থাকা বিচারকদের সঙ্গেও। এইসবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে প্রাথমিক রিপোর্ট। সোমবার সেই রিপোর্টই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এনআইএ। 

এনআইএ-এর আইজি সোনিয়া সিং দিল্লি গিয়ে রিপোর্ট পেশ করে ফের কলকাতায় আসবেন বলেই জানা গিয়েছে। গত বুধবার এসআইআর  প্রক্রিয়ার প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদহের মোথাবাড়ি। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে বিডিও অফিসে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও হয়ে ছিলেন সাতজন বিচারবিভাগীয় অফিসার। মাঝরাতে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ফের বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। 

তদন্তভার হাতে নিয়েই এনআইএ-র একটি দল ইতিমধ্যেই আক্রান্ত বিচারকদের সঙ্গে বিশদ কথা বলেছে। রবিবার বালিগঞ্জে গিয়ে এক মহিলা বিচারকের বয়ান নথিভুক্ত করেছে। বিচারকদের নিরাপত্তায় থাকা পাইলট কারের চালকদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

মালদহে দফায় দফায় বিক্ষোভের ঘটনায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মালদহের জেলাশাসক রাজনবীর সিং কপূর, মালদহ পুলিশ সুপার অনুপম সিংকে শোকজের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না, সেই কারণ দর্শাতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মালদহের ঘটনাকে বিচার ব্যবস্থার ওপর ‘নির্লজ্জ হামলা’ হিসেবে জানিয়েছে।