আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদদের তালিকায় প্রবেশ করলেন পিভি সিন্ধু। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকে ২০২৩ সালের ধনী মহিলা ক্রীড়াবিদদের তালিকা পেশ করা হয়েছে। সেখানে অনেককেই পেছনে ফেলে ১৬ নম্বর স্থানে উঠে এলেন সিন্ধু। মার্কিন জিমন্যাস্ট সিমন বাইলসের সঙ্গে যুগ্মভাবে এই স্থানে রয়েছেন তিনি। সেই তালিকা অনুযায়ী ৫৯.৮ কোটি রোজগার করেন সিন্ধু। এই আয়ের মধ্যে তাঁর আর্থিক পুরস্কার এবং সব চুক্তি অন্তর্ভুক্ত আছে। বিশ্বের ২০ জন ধনী মহিলা ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ভারতীয় সিন্ধু। বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মোটা টাকা আয় করেন অলিম্পিকে দু"বারের পদক জয়ী। সাফল্যে মোড়া কেরিয়ার সিন্ধুর। একাগ্রতা এবং নিষ্ঠায় সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন। এবার সম্পত্তির দিক থেকেও বহু তারকাকে পেছনে ফেলে এগিয়ে গেলেন। হাঁটুর চোটের জন্য বেশ কয়েকদিন কোর্টের বাইরে সিন্ধু। ভারতীয় শাটলারের পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক। প্রকাশ পাডুকোনের কাছে ট্রেনিং করতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে শিফট করবেন ভারতীয় শাটলার।