আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের দুটিতে হার। একটি পরিত্যক্ত। এখনও জয়ের স্বাদ পায়নি কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় কেকেআর। তারই মধ্যে অজিঙ্ক রাহানেদের গুরুত্বপূর্ণ পরামর্শ সৌরভ গাঙ্গুলির। চলতি আইপিএলে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে প্রমোট করার পরামর্শ দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বেঙ্গল প্রো লিগের তৃতীয় সংস্করণ-এর আনুষ্ঠানিক উদ্বোধনে এমনই জানান সিএবি সভাপতি। সৌরভ বলেন, 'রাহানে নাইট রাইডার্সের অধিনায়ক। আমার মনে হয় রিঙ্কু খুবই নীচে ব্যাট করে। ও তার থেকে অনেক ভাল প্লেয়ার। আশা করব ওকে ওপরের দিকে ব্যাট করার সুযোগ করে দেবে কেকেআর।'
রাহানে এবং রিঙ্কু ছাড়াও মহম্মদ সামি অনুষ্ঠানে উপস্থিত ছিল। ২০২৩ আইপিএল থেকে উত্থান রিঙ্কুর। একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলের শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকান। ২০২৪ আইপিএলে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। চলতি আইপিএলে ফিন অ্যালেনের সঙ্গে ওপেন করছেন রাহানে। ক্যামেরুন গ্রিনকে প্রমোট করে তিন নম্বরে আনা হয়। কিন্তু ফের ব্যর্থ। তিন ম্যাচে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের রান ১৮, ২, ৪। পাঁচ নম্বরে ব্যাট করেন রিঙ্কু। মুম্বইয়ের বিরুদ্ধে ২১ বলে ৩৩ রান করেন। সানরাইজার্সের বিরুদ্ধে ২৫ বলে ৩৫ রান করেন। ব্যাট হাতে নেমে রান পেয়েছেন। তাই তাঁকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে দেখতে চান সৌরভ। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি নাইটরা।
আগের দিন ভেস্তে যায় কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস ম্যাচ। ভেজা আউট ফিল্ড-এর জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। যা নাইটদের জন্য সাপে বর। পাঁচ ওভারের ম্যাচ হলে হার নিশ্চিত ছিল। কাকতালীয়ভাবে, গতবছরও ইডেনে কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে পাঞ্জাব। নাইটরা ব্যাট করতে নামা মাত্র বৃষ্টি শুরু হয়। বিনা উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ৭ যখন বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এবার পাল্লাভারী ছিল পাঞ্জাবের। খেলা পরিত্যক্ত হওয়ায় বেঁচে যায় কেকেআর। অন্যদিকে হতাশ হন শ্রেয়স আইয়ার।















