আজকাল ওয়েবডেস্ক: বিতর্কে অজিঙ্ক রাহানে। তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষেপে লাল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচও জেতেনি কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির জন্য পাঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে নাইটরা। জোড়া হারের পর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ভালভাবে নেননি কেকেআরের অধিনায়ক। দাবি করেন, যারা তাঁর স্ট্রাইক রেট নিয়ে আলোচনা করছে, তাঁরা হিংসে করে। রাহানের এই দাবি শুনে প্রায় সকলেই চমকে যায়। বীরেন্দ্র শেহবাগ মনে করেন, এমনভাবে বলা উচিত হয়নি রাহানের। এর আগেও ক্যামেরুন গ্রিনকে নিয়ে প্রশ্ন ওঠায় সরাসরি ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে আঙুল তুলেছিলেন। এমন উত্তরের সমর্থনে বীরু। কিন্তু তিনি মনে করেন, নিজের স্ট্রাইক রেট নিয়ে প্রসঙ্গ উঠতেই মেজাজ হারান। যা কাম্য নয়।
শেহবাগ বলেন, 'আমার মনে হয় প্লেয়ারদের এইসব বলা উচিত নয়। অধিনায়ক হিসেবে ওকে ক্যামেরুন গ্রিনকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ওর কাছে সরাসরি কোনও উত্তর ছিল না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। সেটা বোধগম্য। কিন্তু কেউ যদি নিজের স্ট্রাইক রেট বা ব্যাটিং স্টাইল নিয়ে প্রশ্ন করে, সমালোচনা গ্রহণ করার মতো মনোভাব থাকা উচিত। একটা ভারসাম্য রেখে জবাব দেওয়া উচিত। এমন লড়াইয়ে জড়িয়ে পড়ার অর্থ কী?' সমালোচনা কীভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়ে শচীন তেন্ডুলকারের উদাহরণ টানেন বীরু। নাম টানেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনেরও। দু'জনেই খুব ভালভাবে সমালোচনা গ্রহণ করত। তারমধ্যে বেশিরভাগ সময় সংশ্লিষ্ট প্রশ্ন এড়িয়ে যেত।
শেহবাগ বলেন,'বচ্চন সাবও সমালোচকদের জবাব দেয়নি। এই বিষয়ে শচীন তেন্ডুলকারের থেকে বড় উদাহরণ হতে পারে না। একটা খবরের কাগজে লেখা হয়েছিল, এন্ডুলকার। আমার মনে হয়, সমালোচনা নিতে না পারলেও চুপ থাকা উচিত। একটা শতরান করলে সবাই এমনিতেই চুপ হয়ে যাবে। মাথা ঠাণ্ডা রেখে নিজের কাজ করে যেতে হয়। আমার মনে হয় এইসব সমালোচনার উত্তর দেওয়ার কোনও প্রয়োজন নেই।' নিজস্ব স্টাইলে রাহানের জন্য বার্তা রাখেন শেহবাগ।















