আজকাল ওয়েবডেস্ক: কবে মাঠে ফিরবেন শুভমন গিল? বর্তমানে সেই নিয়ে চর্চা চলছে। তারই মাঝে বড় আপডেট দিলেন গুজরাট টাইটানস দলের সতীর্থ। সাই সুদর্শন জানান, বুধবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে খেলবেন গিল। পেশিতে চোটের জন্য শেষ ম্যাচে খেলেননি গিল। কাঁধে এবং গলায় ব্যান্ডেজ বেঁধে দেখা যায়। আগের বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে কাঁধের চোটে ভুগছেন গুজরাটের অধিনায়ক। মঙ্গলবার তাঁর সতীর্থ দাবি করেন, গিল সম্পূর্ণ ফিট এবং মাঠে নামার জন্য তৈরি। সুদর্শন বলেন, 'শুভমন ঠিক আছে। পরের ম্যাচে খেলবে।' টপ অর্ডারে কুমার কুশাগ্রার বদলে নামবেন গিল।

মিডল অর্ডার শক্তিশালী করতে জেসন হোল্ডারকেও খেলানোর কথা ভাবা হতে পারে। অন্যদিকে টপ অর্ডারের থেকে রান চায় দিল্লি। জোড়া জয় দিয়ে শুরু করেছে অক্ষর প্যাটেলরা। তবে একটি ম্যাচে ডাহা ব্যর্থ হন কেএল রাহুল। প্রথম দুই ম্যাচে বোলাররা সফল হলেও প্রখ্যাত ব্যাটাররা রান পায়নি। এখনও পর্যন্ত দিল্লির হয়ে সর্বোচ্চ রান সমীর রিজভির। অন্যদিকে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই সমস্যা আছে গুজরাটের। টপ অর্ডারের ওপর নির্ভরশীল গিলের দল। ভাল শুরুর ফায়দা তুলতে পারেনি গুজরাট।

সুদর্শন ভাল শুরু করলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০৫ রান তুলতে পারেনি টাইটানসরা। গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর এবং রাহুল তেওয়াটিয়াকে আরও সক্রিয় হতে হবে। বল হাতে প্রচুর রান দিয়েছেন মহম্মদ সিরাজ এবং কাগিসো রাবাডা। ধারাবাহিকতার অভাব রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণর। একমাত্র ভাল শুরু করেন রশিদ খান। প্রভাব ফেলেন ২৩ বছরের উঠতি পেসার অশোক শর্মা। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক। কিন্তু গত সপ্তাহে দুপুরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মাত্র ১৬২ রান তোলে। তবে রাতের ম্যাচে পিচ কী চরিত্র নেয় সেটাই দেখার।