আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের মাথায় এবার প্রাক্তন ক্রিকেটার। মঙ্গলবার তামিম ইকবালকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত করল বাংলাদেশ সরকার। বাংলাদেশ বোর্ডের বর্তমান বোর্ড অফ ডিরেক্টরদের সরিয়ে দেওয়া হল। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দিল দেশের জাতীয় স্পোর্টস কাউন্সিল। নতুন করে নির্বাচন হওয়ার আগে দৈনন্দিন কাজ চালানোর জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিন আগেই দ্বিপাক্ষিক সিরিজের আবেদনে বিসিসিআইয়ের দ্বারস্থ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরপরই বোর্ডের খোল-নলচে বদলে ফেলা হল।

মাত্র ৩৭ বছর বয়সে বিসিবির কনিষ্ঠতম সভাপতি হওয়ার নজির গড়লেন তামিম ইকবাল। ১১ জনের অ্যাড হক কমিটির মাথায় বসানো হল প্রাক্তন তারকাকে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মিনহাজুল আবেদিন এবং প্রাক্তন ক্রিকেটার ও টিভি ধারাভাষ্যকার আতহার আলি খান। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়েই কোপ পড়ল বুলবুলের ওপর। সরকারের অন্তর্বর্তীকালীন পরামর্শদাতা আসিফ নজরুল বাংলাদেশ দলকে ভারতে বিশ্বকাপ খেলতে আসার সবুজ সংকেত দেননি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার পরই নিজেদের অবস্থান পরিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কলকাতা এবং মুম্বইয়ে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তাঁদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়। এই গোটা ঘটনায় দর্শকের ভূমিকা পালন করেন বুলবুল। এর পাশাপাশি গত কয়েকদিনে তাঁর জন্য বিসিবির ছ'জন ডিরেক্টর পদত্যাগ করে। তাই তাঁকে সরিয়ে দিতে দ্বিধা করেনি বাংলাদেশ সরকার।

নতুন দায়িত্ব বর্তায় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের ওপর। যার প্রধান কাজ হবে আগামী ৯০ দিন, অর্থাৎ তিন মাসের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করা। জাতীয় স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বিসিবির বোর্ড সদস্যদের বহিষ্কার করে নতুন অ্যাড হক কমিটি গঠনের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দেওয়া হয়েছে। এমন দাবি করেন এনএসসির ডিরেক্টর আমিনুল এহসান। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও দেশের সরকার ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু নির্বাচনের একটি সময়সীমা জানিয়ে দেওয়ায় ভাবা হচ্ছে বাংলাদেশ বোর্ডকে বাতিল করবে না আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ জনের অ্যাডহক কমিটিতে রয়েছেন তামিম ইকবাল (সভাপতি), আতহার আলি খান, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদিন ন্যান্নু, ইস্রাফিল খুশরু, তানজিম চৌধুরী, সলমন ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।