আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিভিন্ন শহরে রয়েছে সুন্দর আকাশচুম্বী ইমারত। এই উঁচু ইমারতগুলি দেশের দ্রুত বৃদ্ধি এবং প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ। সকলেরই জানা যে, পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়ি হল দুবাইয়ের বুর্জ খলিফা। কিন্তু আপনি কি ভারতের সবচেয়ে উঁচু ভবন কোনটি, কোথায় অবস্থিত জানেন?

ভারতের সবচেয়ে উঁচু বাড়ি দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের ওরলিতে অবস্থিত, নাম প্যালেস রয়্যাল টাওয়ার। ৮৮ তলা বিশিষ্ট কাঠামোটি স্থাপত্য এবং প্রকৌশলগত সাফল্যের একটি উদাহরণ। এই বাড়ির গড় আয়তন ৮,৭০০ বর্গফুটেরও বেশি।

২০১৮ সালে সম্পন্ন হওয়া ৮৮ তলা বিশিষ্ট প্যালেস রয়্যাল টাওয়ারটি মুম্বইয়ের একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক, যার উচ্চতা ৩২০ মিটার (১,০৫০ ফুট)।

ওরলির ওই এলাকায় দু'টি আবাসিক ভবন ৩০০ মিটার উচ্চতার সীমা অতিক্রম করেছে। প্যালেস রয়্যালের পরেই রয়েছে মুম্বইয়ের মহালক্ষ্মীতে অবস্থিত  মিনার্ভা। যার উচ্চতা ৩০১ মিটার।

উচ্চতার নিরিখে প্যালেস রয়্যালকে লিড প্রি-সার্টিফাইড প্ল্যাটিনাম রেটিং দেওয়া হয়েছে। যা এই বাড়িকে দেশের বৃহত্তম আবাসিক ভবনের তকমা দিয়েছে। ৩০ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই ভবনটি তৈরি করেছে 'অনেস্ট শেল্টার্স প্রাইভেট লিমিটেড' এবং নকশা করেছে 'তালাতি এবং প্যান্থাকি অ্যাসোসিয়েটস'।

ভারতের সবচেয়ে উঁচু ভবনটি গড়ে ওঠার সময় শুরু থেকে বহু বাধা-বিঘ্নের মধ্যে দিয়ে গিয়েছে। এটি প্রথম নিলামে ২০১৯ সালে বিক্রি করা হয়েছিল কিন্তু কোনও ক্রেতা আসেননি এবং আগ্রহও দেখাননি। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে, অসম্পূর্ণ স্থানটি ৭০৫ কোটি টাকায় 'অনেস্ট শেল্টার্স প্রাইভেট লিমিটেড' অধিগ্রহণ করে। ২০২০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। গত বছর প্রায় সমাপ্তির পথে পৌঁছায় নির্মাণটি। অভ্যন্তরীণ এবং সম্মুখভাগের কাজ ২০২৫ সালের মধ্যে পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভবনটিতে দু'টি বেসমেন্ট স্তর, দু'টি লবি, সাতটি পার্কিং স্তর, সাতটি অ্যামিনিটি তলা এবং ৪৩টি আবাসিক তলা রয়েছে। এতে ১৫৩টি অতি-বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার আকার ৮,০০০ থেকে ১৪,০০০ বর্গফুট।