আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল চেন্নাইয়ের রাজভবন। থালাপথি বিজয়, যিনি এখন স্রেফ এক মেগাস্টার নন বরং তামিলনাড়ু ভেট্রি কাজাগম (TVK)-এর প্রধান, আজ রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেছেন। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসার পরেই এই পদক্ষেপ নিলেন তিনি।
রাজভবন থেকে বেরিয়ে আত্মবিশ্বাসী বিজয় উপস্থিত সংবাদমাধ্যমকে জানান, জনগণ যে রায় দিয়েছেন তা পরিবর্তনের এবং নতুন রাজনীতির পক্ষে। কয়েক মাস আগে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক পথচলা শুরু করার পর বিজয়ের এই উত্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা 'থালাপথি ম্যাজিক' হিসেবেই দেখছেন। রাজ্যপালের কাছে তিনি তাঁর দলের জয়ী বিধায়কদের সমর্থনপত্র এবং সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে চিঠি জমা দিয়েছেন। সূত্রের খবর, TVK-এর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 'নিশ্চিত' নন রাজ্যপাল।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিজয় প্রথাগত 'দ্রাবিড়ীয় রাজনীতি'র বাইরে গিয়ে এক নতুন বিকল্পের স্বপ্ন দেখিয়েছিলেন। যুবসমাজ এবং মহিলাদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা এই জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। বর্তমান ডিএমকে (DMK) সরকারের শাসনের অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মসনদে এখন এক নতুন নেতার অভিষেক হতে চলেছে, যা দক্ষিণ ভারতের রাজনীতিতে এক বড়সড় ওলটপালট।
রাজ্যপাল বিজয়কে অভিনন্দন জানিয়েছেন এবং পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য তাঁকে প্রস্তুত থাকতে বলেছেন। খুব শীঘ্রই চেন্নাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে দলীয় সূত্রে খবর। পর্দার অ্যাকশন হিরো থেকে বাস্তবের জননেতা হয়ে ওঠার এই যাত্রায় বিজয়কে ঘিরে এখন তামিলনাড়ু জুড়ে উৎসবের মেজাজ।















