আজকাল ওয়েবডেস্ক: সংসদে হামলার ঘটনায় ললিত ঝা সহ সকল অভিযুক্তদের মোবাইল ফোন উদ্ধার। রবিবার রাজস্থান থেকে অভিযুক্তদের ফোনের সকল যন্ত্রাংশ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। সবকটি ফোনই পোড়া অবস্থায় পাওয়া গিয়েছে। তবে সেগুলি থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার দিন বাকি অভিযুক্তদের সঙ্গেই সংসদ চত্বরে হাজির হয়েছিলেন ললিত ঝা। নিজেকে সে ইতিমধ্যেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে দাবি করেছে। হামলার আগে সকল অভিযুক্তদের মোবাইল ফোন নিয়ে নিয়েছিল ললিত ঝা। পরে ললিত সেগুলি নিয়ে রাজস্থানে পালিয়ে যায়। প্রমাণ লোপাটের জন্য নিজের এবং অন্যদের মোবাইল ফোনগুলি পুড়িয়ে দেয় ললিত। যে হোটেলে ললিত ছিল তার মালিক জানায় পুলিশ এসে সমস্ত বিষয়টি তাঁকে বলে। এরপরই সে জানতে পারে ললিত এর সঙ্গে জড়িত। মোবাইল ফোনগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। সেগুলি থেকে আর কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।